রুয়েটে ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা নেওয়া হবে। দুই কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বুধবার রুয়েটের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ শতাধিক আসনের বিপরীতে ১৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
এ ছাড়া ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৩.০০ থাকতে হবে। তবে তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে কমপক্ষে জিপিএ-৪.০০ পেতে হবে।
জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে। পাশাপাশি ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সনদপ্রাপ্ত হতে হবে।
ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে এ জন্য গঠিত স্টিয়ারিং কমিটি।









