
বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের প্রয়াণ দিবসে রাজশাহীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে। এন্ড্রু কিশোরের প্রতিষ্ঠিত সংগঠন ওস্তাদ আব্দুল আজিজ স্মৃতি সংসদের সদস্যরা আজ বৃহস্পতিবার রাজশাহী সার্কিট হাউসসংলগ্ন খ্রিষ্টান সম্প্রদায়ের সমাধিস্থলে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন প্লেব্যাক সম্রাটের ঘনিষ্ঠজনেরা।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর এন্ড্রু কিশোরের শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সেখানে এন্ড্রু কিশোরের সহধর্মিণী লিপিকা এন্ড্রু বলেন, এন্ড্রু কিশোরের স্মৃতি রক্ষায় দেশে একটি স্টার গ্যালারি করা প্রয়োজন। একই সঙ্গে তাঁর গানগুলো যেন হারিয়ে না যায় তার ব্যবস্থা নেওয়া দরকার।
এ সময় ওস্তাদ আব্দুল আজিজ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খোকন, সহসভাপতি কাজী সুলতান মাহমুদ, সাবিনা আঞ্জুম শাপলা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফি মাহমুদ লেলিন, প্রচার সম্পাদক সঞ্জু আহম্মেদ, অর্থ সম্পাদক শফিকুল আলম বাবু, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লা আল ফিরোজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তাঁরা বলেন, কালজয়ী এই শিল্পীর স্মৃতি রক্ষায় রাজশাহীতে তাঁর একটি প্রতিকৃতি নির্মাণ করা প্রয়োজন। এ ছাড়া সড়ক কিংবা যেকোনো প্রতিষ্ঠানের নামকরণ তাঁর নামে হওয়া দরকার। বিষয়টি নিয়ে তাঁরা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কথা বলবেন।
এন্ড্রু কিশোর রাজশাহীতে জন্মগ্রহণ করেন ১৯৫৫ সালের ৪ নভেম্বর। ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেন। এরপর জাদুকরী কণ্ঠ নিয়ে তাঁকে আর পেছনে ফিরতে হয়নি। শুধু বাংলা চলচ্চিত্রেই তিনি প্লেব্যাক করেছেন ১৫ হাজারের বেশি গানে। সর্বোচ্চ আটবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
কোটি হৃদয়ের প্রাণের মানুষ এন্ড্রু কিশোর তাঁর ভক্ত ও শ্রোতাদের কাঁদিয়ে ২০২০ সালের ৬ জুলাই রাজশাহীতে মারা যান। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। ক্যানসারে আক্রান্ত হয়ে টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পরও তিনি সুস্থ হতে পারেননি। জীবনের শেষ দিনগুলো রাজশাহীতে কাটাবেন বলে তাঁর ইচ্ছাতেই তাঁকে ফিরিয়ে আনা হয়েছিল। এরপর জীবনের শেষ কয়েকটা দিন রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোন ডাক্তার শিখা বিশ্বাসের বাসায় ছিলেন তিনি।
মৃত্যুর আড়াই বছর আগে সিঙ্গাপুরের এক মঞ্চে হুইলচেয়ারে বসে এন্ড্রু কিশোর তাঁর ‘জীবনের গল্প আছে বাকি অল্প’ গানটি গেয়েছিলেন। গাইবার সময় তিনি নিজে যেমন কেঁদেছিলেন, তেমনি কাঁদিয়েছিলেন শ্রোতাদেরও। সেটিই ছিল এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া শেষ গান।

নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে এ হামলা চালানো হয়।
৫ মিনিট আগে
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। আর জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে। ঘটনার পরদিন ১ মার্চ রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় অবহেলা...
৫ মিনিট আগে
নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ হয়েছে। একই ঘটনায় হাসপাতালের নার্সদের হেনস্তা, প্রাণনাশের হুমকি ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এস এম বদরুদ্দোজা হৃদয় (২৬) চান্দগাঁও থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দেন।
৩৬ মিনিট আগে