Ajker Patrika

পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু

রিমন রহমান, রাজশাহী
পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু
হাসপাতালে মজুরিভিত্তিক কর্মচারী আলেয়া খাতুন, নিয়ামুল ও তাঁর মা মিনারা বেগম (মিনু)। ছবি: আজকের পত্রিকা

চার বছর বয়সে মাকে হারিয়েছিল নিয়ামুল। মা কোথায় গেছেন, কেন গেছেন, কিছুই বুঝে ওঠার বয়স তখনো তার ছিল না। শুধু জানত, মা নেই। সেই যে মা হারিয়ে গেলেন, তারপর কেটে গেছে ১৮ বছর। নিয়ামুল বড় হয়েছেন। চাকরি করছেন। সংসার পেতেছেন। কিন্তু মায়ের সঙ্গে আর দেখা হয়নি।

মায়ের মুখটাও মনে ছিল না তার। তবু মনে বিশ্বাস ছিল, মা বেঁচে আছেন। কোনো একদিন হয়তো ফিরে আসবেন। নিয়ামুলের সেই বিশ্বাস সত্যি হলো শুক্রবার সকালে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে মুখোমুখি হলেন মা-ছেলে। দেড় যুগ পর মাকে ফিরে পেলেন নিয়ামুল। আর মিনু ফিরে পেলেন তাঁর সন্তান ও পরিবারের ঠিকানা।

এত বছর পর প্রথমবারের মতো মাকে দেখছেন নিয়ামুল। পাশে বসে মায়ের সঙ্গে কথা বলছেন। কিন্তু চার বছর বয়সের স্মৃতিতে মায়ের কোনো ছবি নেই। তাই এ দেখাই তাঁর কাছে মাকে ‘প্রথম দেখা’। আবেগ সামলে নিয়ামুল বললেন, ‘আমার বিশ্বাস ছিল মা বেঁচে আছে। আমার বিশ্বাসই সত্য হলো। চার বছর বয়সে মাকে দেখেছি। সে কথা এখন মনে নাই। এতদিন পর আজ দেখছি। এটি একরকম প্রথম মাকে দেখা। হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিলে মাকে নিয়ে বাড়ি যাব।’

ছয় ভাইয়ের একমাত্র বোন মিনু। তার পুরো নাম মিনারা বেগম। একসময় স্বামীর সংসার করতেন। ঘর আলো করে এসেছিল এক মেয়ে ও এক ছেলে। কিন্তু সংসারের সুখ বেশি দিন স্থায়ী হয়নি। স্বামী আলমগীর হোসেন হাওলাদার দ্বিতীয় বিয়ে করেন। এর মধ্যে মাত্র ছয় বছর বয়সে মেয়েটিও মারা যায়। একের পর এক আঘাতে ভেঙে পড়েন মিনু। হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। চার বছরের ছেলে নিয়ামুলকে রেখে একদিন নিরুদ্দেশ হন। এরপর থেকে তাঁর ঠিকানা হয় পথে-ঘাটে। এভাবেই কেটে যায় জীবনের ১৮টি বছর।

কিছু দিন আগে পায়ে আঘাত পেয়ে হাঁটাচলার শক্তিও হারিয়ে ফেলেন মিনু। তাঁকে দেখে এক সেনা কর্মকর্তা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা শুরুর পর কিছুটা সুস্থ হয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। কিন্তু বাইরে গিয়ে পায়ের অবস্থা আরও খারাপ হয়। পরে কেউ একজন তাঁকে আবার হাসপাতালে রেখে যান।

আলেয়া খাতুনের সঙ্গে মিনারা বেগম (মিনু)। ছবি: আজকের পত্রিকা
আলেয়া খাতুনের সঙ্গে মিনারা বেগম (মিনু)। ছবি: আজকের পত্রিকা

এবার মিনুর মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেন চিকিৎসকেরা। ধীরে ধীরে ফিরতে থাকে স্মৃতি। মনে পড়তে শুরু করে নিজের নাম, বাবার নাম, ভাইয়ের নাম, গ্রামের ঠিকানা। সেই স্মৃতির টুকরোগুলো জোড়া লাগিয়েই একসময় পাওয়া যায় তাঁর পরিবারের সন্ধান।

মিনুর চিকিৎসা করেছেন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জসিম উদ্দিন। তিনি বলেন, বড় ধরনের মানসিক আঘাত পেলে মানুষের মনোজগতে এমন বিপর্যয় ঘটতে পারে যে শরীর ও মনের স্বাভাবিক সমন্বয় নষ্ট হয়ে যায়। মিনুর ক্ষেত্রেও তা-ই হয়েছিল। এত দিন তাঁর কোনো চিকিৎসা হয়নি। ফলে স্মৃতিশক্তিও ফিরে আসেনি। হাসপাতালে চিকিৎসা শুরু করার পর ধীরে ধীরে তাঁর স্মৃতি ফিরতে শুরু করেছে।

মিনুর বাবার বাড়ি বরিশালের কোতোয়ালি থানার চন্দ্রমোহন চরে। বাবা মোবারক আলী হাওলাদার। এলাকায় তিনি মগরেব আলী নামে পরিচিত। এতদিন তিনিও মেয়ের অপেক্ষায় ছিলেন। কিন্তু মিনুর পরিবারের কাছে ফেরার এই খবরের সঙ্গে মিশে আছে গভীর শোকও। মিনুর বাবা গত শুক্রবার মারা গেছেন। তাঁর মৃত্যুর ছয় দিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন, হারিয়ে যাওয়া মিনু বেঁচে আছেন।

একদিকে বাবাকে হারানোর বেদনা, অন্যদিকে হারিয়ে যাওয়া বোনকে ফিরে পাওয়ার আনন্দ—দুই বিপরীত অনুভূতি নিয়ে শুক্রবার হাসপাতালে আসেন মিনুর ভাই বাবুল হাওলাদার। সঙ্গে মিনুর ছেলে নিয়ামুল হোসেনও। মিনুর পরিবারের সন্ধান পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন হাসপাতালের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আলেয়া খাতুন। অজ্ঞাত রোগীদের দেখাশোনার দায়িত্ব পালন করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জন্য আলাদা একটি ওয়ার্ডের ব্যবস্থা করেছে। সেই ওয়ার্ডেই মিনুর সঙ্গে দিনের পর দিন গল্প জমিয়েছেন আলেয়া।

কখনো মিনু নিজের নাম বলেছেন, কখনো গ্রামের নাম। কখনো জানিয়েছেন ভাইয়ের নাম, কখনো বাবার নাম। কথার ফাঁকে পাওয়া এসব তথ্য এক জায়গায় জড়ো করেছেন আলেয়া। সেখান থেকে তৈরি করেন মিনুর ঠিকানা। এরপর সেই ঠিকানা নিয়ে পুলিশের কাছে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে প্রয়োজনীয় সহায়তা পাননি। শেষ পর্যন্ত একজন সাংবাদিকের সহযোগিতা নেন। তাঁর মাধ্যমেই যোগাযোগ হয় মিনুর ভাই বাবুল হাওলাদারের সঙ্গে।

গত বুধবার রাতে বাবুলকে জানানো হয়, তাঁর হারিয়ে যাওয়া বোন হাসপাতালে আছেন। পাঠানো হয় ছবিও। ছবি দেখে আর কোনো সন্দেহ থাকে না বাবুলের। ভাগনে নিয়ামুলকে জানান তার মায়ের কথা। বাবুল হাওলাদার জানান, স্বামীর বাড়ি থেকে চলে আসার পর মিনু তাঁদের বাড়িতেই থাকতেন। একদিন তাঁর এক ভাই চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরিফে যাচ্ছিলেন। মিনুও তাঁর সঙ্গে যাওয়ার বায়না ধরেন। এরপর কোথায় যেন হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। সেই বোনকে এত বছর পর হাসপাতালের বিছানায় ফিরে পাবেন, তা ভাবতেও পারেননি তাঁরা।

নিয়ামুল জানালেন, বাবা আলমগীর হোসেন হাওলাদার পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করেন। মিনু ছিলেন তাঁর প্রথম স্ত্রী। পরে আরও দুটি বিয়ে করেন আলমগীর। তবে বাবার সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে নিয়ামুলের। এখন ২২ বছর বয়স নিয়ামুলের। একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। স্ত্রীকে নিয়ে থাকেন বরিশাল শহরের রুপাতলী এলাকায়।

মিনুর স্মৃতি এখনো পুরোপুরি ফেরেনি। তবে কিছু কিছু কথা মনে করতে পারছেন। নিজের শৈশব, বাবার বাড়ি, বিয়ে—সব মিলিয়ে স্মৃতির ভাঙা ভাঙা টুকরো থেকে বললেন, ‘আমার বাপেরই ৭ কানি জমি ছিল। বাহেরগঞ্জে বিয়া দিসিল আলমের সাথে। আলম হাসপাতালে চাকরি করে। আমার পরে আবার বিয়া করে। তাই আমি রাস্তায় তাম্বু টানায় থাকছি।’

হাসপাতালের আয়া আলেয়া খাতুন জানান, প্রায় এক সপ্তাহ ধরে মিনু নিজের বাড়ির ঠিকানা মনে করতে পারছিলেন। ঠিকানা মনে পড়ার পর থেকেই বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছিলেন। তাঁর এই আকুলতা দেখেই তিনি পরিবারের খোঁজে নামেন। শেষ পর্যন্ত ভাইয়ের সঙ্গে যোগাযোগ না হলে নিজেই মিনুকে নিয়ে তাঁর বলা ঠিকানায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।

হাসপাতালে আসার পর থেকে আলেয়াই ছিলেন মিনুর একান্ত আপনজন। এবার ছাড়পত্র পেলেই তাঁকে রেখে বরিশালের বাড়িতে ফিরবেন৷ হঠাৎ আলেয়ার দিকে তাকিয়ে মিনু বলে উঠলেন, ‘তুই বরিশালের ইলিশ খাবু?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত