Ajker Patrika

পিরোজপুরে সরকারি কর্মঘণ্টায় প্রাইভেট প্র্যাকটিস বন্ধে সিভিল সার্জনের কঠোর বার্তা

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে সরকারি কর্মঘণ্টায় প্রাইভেট প্র্যাকটিস বন্ধে সিভিল সার্জনের কঠোর বার্তা
পিরোজপুরের সিভিল সার্জন অফিস। ছবি: সংগৃহীত

সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখার লক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মঘণ্টা চলাকালীন সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়।

আজ সোমবার পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা থেকে বেলা ২:৩০ ঘটিকা পর্যন্ত সরকারি কর্মঘণ্টা চলাকালীন কোনো সরকারি চিকিৎসক কোনো ধরনের ব্যক্তিগত বা প্রাইভেট প্র্যাকটিসে নিয়োজিত থাকতে পারবেন না।

এতে স্পষ্ট করে সতর্ক করে দেওয়া হয় যে যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে কর্মঘণ্টার মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ প্রমাণিত হয়, তবে তাঁর বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মঘণ্টায় যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের প্রাইভেট প্র্যাকটিস পরিচালিত হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। অনুলিপিটি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক এবং জেলার সব উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

এ ছাড়া পিরোজপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনকে বিষয়টি জেলার সব সদস্য প্রতিষ্ঠানে অবিলম্বে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত