Ajker Patrika

পঞ্চগড়ে পেট্রল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে পেট্রল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় ইসলামুল হক নামের এক ব্যবসায়ীর বাড়িতে রাতের আঁধারে পেট্রল দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তিনি বাড়িতে না থাকার সুযোগে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান তাঁর একসময়ের ব্যবসায়িক অংশীদার রেজাউল করিম। তাঁরা একই এলাকার বাসিন্দা। তাৎক্ষণিক টের পাওয়ায় প্রাণ রক্ষা হলেও ঘরের গুরুত্বপূর্ণ কাগজসহ কিছু জিনিসপত্র পুড়ে যায়। তাঁদের চিৎকারে বাড়ির অন্য লোকজন এবং প্রতিবেশীরা এসে ঘরে থাকা লোকজনকে উদ্ধার করেন এবং আগুন নেভাতে সক্ষম হন। সকালে বাড়ি ফিরে এই দৃশ্য দেখে দিশাহারা হয়ে পড়েন ওই ব্যবসায়ী।

এদিকে, খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী ইসলামুল হক।

ভুক্তভোগী ইসলামুল হক বলেন, ‘আর একটু হলে আমার স্ত্রী-মেয়েসহ পরিবারের সবাই আগুনে পুড়ে মারা যেত। রেজাউল ও তাঁর সহযোগীকে এখান থেকে পালিয়ে যেতে দেখেছেন অনেকে। আমি তাঁর কাছে ব্যবসার ১১ লাখ টাকা পাব। লোকসান দেখিয়ে সেই টাকা আর দিচ্ছে না রেজাউল। টাকার চাপ দেওয়ায় সে আমাকে হুমকি-ধমকি দিত। আমাকে পরিকল্পিতভাবে হত্যার জন্য সে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।’

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘এটা জঘন্য কাজ। আজ পরিবারটির অনেক বড় ক্ষতি হয়ে যেত। যারা এমনটি করেছে, আমরা তাঁদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল করিম। তিনি বলেন, ‘ইসলামুল আমার কাছে জমির বায়না হিসেবে ১০ লাখ টাকা নেয়। পরে আমাকে জমি না দিয়ে অন্য মানুষের কাছে জমি বিক্রি করে দেয়। আমি আমার টাকা ফেরত চাওয়ায় সে অগ্নিকাণ্ডের নাটক সাজিয়েছে। তাঁর কাছে বহু মানুষ টাকা পায়।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত