Ajker Patrika

পুলিশ সদস্যকে ডেকে নিয়ে হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২২: ০০
পুলিশ সদস্যকে ডেকে নিয়ে হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ
আবুল কালাম। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, এলাকায় মাদক কারবারের প্রতিবাদ করায় কারবারিদের হামলার শিকার হয়েছেন তিনি। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবুল কালাম (৩৫) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তিনি হবিগঞ্জে কর্মরত এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

আহত আবুল কালামের বোন সুমাইয়া আক্তার অভিযোগ করেন, তাঁদের বাড়ির পাশেই মাদকের কারবার ও আসর বসত। তাঁর ভাই এসব কর্মকাণ্ডে বাধা দিতেন। সম্প্রতি মাদক কারবারের সঙ্গে জড়িত শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতেও সহযোগিতা করেন তিনি। ছুটিতে বাড়ি ফেরার পর শাহাদাত ও এমদাদের লোকজন তাঁর ওপর হামলা চালান। হামলায় তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আবুল কালামের বাবা আবদুল মালেক বলেন, গতকাল রাতে শাহজালাল নামের এক ব্যক্তি তাঁর ছেলেকে ফোন করে বিলের কাছে ডেকে নেন। সেখানে তাঁর ওপর হামলা চালানো হয়। তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয়। ছেলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে আজ শুক্রবার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএনের সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি তিনি বাড়িতে এসেছিলেন। মাদক কারবারিদের হামলায় তিনি আহত হয়েছেন বলে জানতে পেরেছেন। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত