পঞ্চগড়ে অ্যালবিনো বৈশিষ্ট্যের বিরল জলঢোড়া উদ্ধার

পঞ্চগড়ের বোদায় উদ্ধার হয়েছে বিরল বৈশিষ্ট্যের একটি জলঢোড়া সাপ। সাধারণত এ প্রজাতির সাপের শরীরে বাদামি ও কালচে ছোপ দেখা যায়। তবে উদ্ধার হওয়া সাপটির শরীরজুড়ে রয়েছে হলদেটে-সাদা রং। বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের ধারণা, জিনগত বৈশিষ্ট্য অ্যালবিনিজমের কারণে সাপটির শরীরে এমন রঙের পরিবর্তন হয়েছে।
গত ২৭ অক্টোবর উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (ডব্লিউএসআরটিবিডি) প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম।
উদ্ধার হওয়া সাপটি জলঢোড়া বা চেকার্ড কিলব্যাক (চেকার্ড কিলব্যাক)। এর বৈজ্ঞানিক নাম ফোলিয়া পিসকেটর। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ।
উদ্ধারকর্মী সহিদুল ইসলাম জানান, অ্যালবিনিজম কোনো আলাদা প্রজাতি নয়। এটি প্রাণীর জন্মগত একটি জিনগত বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যের কারণে শরীরে মেলানিন উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়। ফলে প্রাণীর স্বাভাবিক গায়ের রং বদলে যায়। অনেক ক্ষেত্রে চোখের রঙেও এর প্রভাব পড়ে।
সহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া সাপটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। অ্যালবিনিজমের কারণে এর স্বাভাবিক রঙের পরিবর্তে হলদেটে-সাদা বর্ণ দেখা যাচ্ছে। এ ধরনের বৈশিষ্ট্যের সাপ সচরাচর চোখে পড়ে না।
সহিদুল ইসলাম আরও বলেন, সাপটিকে আপাতত পর্যবেক্ষণে রাখা হবে। কয়েকবার খোলস বদলানোর পর এর শারীরিক কোনো পরিবর্তন হয় কি না, তা দেখা হবে। এরপর উপযুক্ত সময়ে সাপটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।









