Ajker Patrika

ধর্ষণ ও হত্যার পর রেললাইনে ফেলে দেন তরুণীর মরদেহ, অবশেষে যুবকের মৃত্যুদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি
ধর্ষণ ও হত্যার পর রেললাইনে ফেলে দেন তরুণীর মরদেহ, অবশেষে যুবকের মৃত্যুদণ্ড
গ্রেপ্তারের সময় রিফাত বিন সাজ্জাদ। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারীতে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসেইন মোহাম্মদ ফজলুল বারী এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তথ্য, প্রমাণ ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের দেওয়া এই রায় ন্যায়বিচারের একটি উদাহরণ হয়ে থাকবে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ জেলার বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার আক্তার হোসেনের ছেলে। ২০২৫ সালের ৮ মার্চ আটোয়ারী থানায় পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি ট্রেনে করে পঞ্চগড়ে যাওয়ার পথে দিনাজপুর রেলস্টেশনে ওই তরুণীর সঙ্গে রিফাতের পরিচয় হয়। পরে বিভিন্ন প্রলোভনে তাঁকে আটোয়ারীর কিসমত রেলগেট এলাকায় নামিয়ে একটি সুপারি বাগানে নিয়ে যান রিফাত। সেখানে একাধিকবার তাঁকে ধর্ষণ করেন। বিষয়টি প্রকাশ পাওয়ার আশঙ্কায় তরুণীকে গাছের সঙ্গে বেঁধে একটি ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে হত্যার ঘটনা আড়াল করতে মরদেহ টেনেহিঁচড়ে রেললাইনের ওপর রেখে পালিয়ে যান। পরবর্তী সময়ে ট্রেনে কাটা পড়ে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

এরপর ১৪ জানুয়ারি সকালে আটোয়ারী উপজেলার কিসমত রেলগেট এলাকার একটি স্কুলের পেছনে রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় ওই তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন ঠাকুরগাঁয়ের একটি পরিবার তাদের মেয়ে মনে করে তাঁর দাফন সম্পন্ন করে।

২০২৫ সালের ৮ মার্চ সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ইজিবাইক চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় রিফাতকে আটক করে পুলিশ। তাঁর মোবাইল ফোনে কিছু ভিডিও ও ছবি পাওয়ার পর জিজ্ঞাসাবাদে পুলিশ ওই তরুণীর হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার তথ্য পায় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত