Ajker Patrika

১০ দাবিতে কাজিদের কলমবিরতি, পঞ্চগড়ে বন্ধ বিয়ে পড়ানো

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৭: ২৮
১০ দাবিতে কাজিদের কলমবিরতি, পঞ্চগড়ে বন্ধ বিয়ে পড়ানো
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

নিজ নিজ এলাকার অধিক্ষেত্র সুরক্ষা, পেশাগত নিরাপত্তা, বিয়ে নিবন্ধনের কমিশন বাড়ানো, আর্থিক সুরক্ষাসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজি)। তাঁদের এ কর্মসূচির কারণে জেলায় কার্যত বন্ধ রয়েছে বিয়ে পড়ানো ও নিবন্ধনের কার্যক্রম।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া কাজিরা জানান, অধিক্ষেত্র লঙ্ঘন, পেশাগত নিরাপত্তাহীনতা ও নানা ধরনের হয়রানির কারণে তাঁদের স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে তাঁরা ১০ দফা দাবি জানিয়েছেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—নিকাহ রেজিস্ট্রারদের নিজ নিজ এলাকার সীমানা নির্ধারণ ও অধিক্ষেত্র নিশ্চিত করা; বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ এবং ডিজিটাল পদ্ধতিতে সীমানা নির্ধারণ; সুনির্দিষ্ট বেতন ও সম্মানী নির্ধারণ; পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা। এ ছাড়া কাজিদের জন্য অফিস স্থাপন, ভুয়া কাজি প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সভাপতি এ আর এম শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সংগঠনটির পঞ্চগড় সদর উপজেলার সভাপতি আরাফাত ইদ্রিস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত