
পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন দলের নেতা-কর্মীরা। এ সময় অবিলম্বে দোষী বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে আটঘরিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর এবং নেতা-কর্মীদের মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি।
জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে আটঘরিয়ার দেবোত্তর বাজারে উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতা-কর্মীরা। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল জামায়াতের কার্যালয় পোড়ানোর বিভিন্ন চিত্র সাংবাদিকদের ঘুরে দেখান। পরে তাঁরা পাবনা-আটঘরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, সহকারী সেক্রেটারি এস এম সোহেল ও উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহসহ জেলা-উপজেলা জামায়াতের নেতারা।
অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, ‘উপজেলা বিএনপির চাঁদাবাজ ও দখলবাজ সন্ত্রাসীরা শুধু জামায়াতের কার্যালয় পোড়ায়নি তারা ইসরায়েলের কায়দায় বর্বর হামলা চালিয়ে পবিত্র কোরআন ও হাদিসসহ বিভিন্ন ইসলামি বইপত্র পুড়িয়েছে। অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া আটঘরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্ত্রাসীদের পক্ষ নিয়ে নিরপেক্ষতা হারিয়েছেন, অবিলম্বে তাঁকেও প্রত্যাহার করতে হবে।’
এদিকে শুক্রবার বিকেলে পাবনার আটঘরিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি। আটঘরিয়ার দেবোত্তর বাজারে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন আলম বক্তব্য দেন। তিনি অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেলে জামায়াত-শিবির তাদের অফিসে অতর্কিতে হামলা চালিয়ে নেতা-কর্মীদের কুপিয়ে ও মারধর করার পর বিএনপির অফিস ও শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২ কোটি টাকার ক্ষতি করেছে।
সংবাদ সম্মেলন শেষে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আজহার উদ্দিনসহ দলের ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, উভয় পক্ষ উভয় পক্ষের অফিস ভাঙচুর করেছে। কিছুটা সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে ১৫ মে আটঘরিয়া উপজেলা বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় দলের রাজনৈতিক অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৯ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে