সৈয়দপুরে মাদক কারবারি ও আশ্রয়দাতাদের শাস্তির দাবিতে সমাবেশ

নীলফামারীর সৈয়দপুরে মাদক কারবারিদের উচ্ছেদ, তাঁদের আশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের গোলাহাট কবরস্থান গেটের সামনে এই কর্মসূচি হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর সাবিয়া সুলতানা, স্থানীয় বাসিন্দা হামিদা খাতুন, নেসার, রিয়াজ, আসগার, জরিনা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গোলাহাট এলাকায় মাদক কারবারের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁদের আশ্রয়দাতাদের তৎপরতা। মাদক কারবারিদের কাছ থেকে সাপ্তাহিক তিন থেকে পাঁচ হাজার টাকা নিয়ে কেউ কেউ তাঁদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। অথচ মাদকের বিরুদ্ধে সচেতন নাগরিকেরা প্রতিবাদ জানালে তাঁদের বিরুদ্ধে মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে। চিহ্নিত মাদক কারবারি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে অচিরেই সর্বস্তরের জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।









