নীলফামারী সদরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের পাথরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে। অভিযুক্ত আবুল হোসেন তাঁর আপন ছোট ভাই।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। পরে আদালতের রায় কেতাব উদ্দিনের পক্ষে আসে। তবে বিরোধপূর্ণ জমিটি ছোট ভাই আবুল হোসেনের দখলে থাকায় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।
সোমবার সকালে এ বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আবুল হোসেনের লাঠির আঘাতে গুরুতর আহত হন কেতাব উদ্দিন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










