গরুর ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনার মদনে গরুর ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক বৃদ্ধার (৭০) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার মদন পৌরশহরের সিএনজি স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা আক্তার মদন উপজেলার জাওলা গ্রামের মৃত খাদেমুল ইসলাম বুলবুল মিয়ার স্ত্রী।
নিহতের নাতনি প্রীতি আক্তার জানান, তিনি ও তাঁর দাদি জাওলা থেকে অটোরিকশায় উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে সিএনজি স্টেশন এলাকায় ভূঁইয়া বাড়ির কয়েকটি গরু রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটির সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং তাঁর দাদি রাস্তায় ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম জানান, সড়ক দুর্ঘটনায় আনোয়ারা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









