নেত্রকোনায় আবারও গ্রামীণ ব্যাংকে আগুন, এবার ঠাকুরাকোনা শাখায়

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের ঠাকুরাকোনা শাখায়ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে সদর উপজেলার ঠাকুরাকোনা বাজার-সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। কাছাকাছি সময়ে জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের আরও একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ঠাকুরাকোনা শাখা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গতকাল গভীর রাতে ঠাকুরাকোনা শাখা কার্যালয়ের মূল ফটক লক্ষ্য করে কাচের বোতলে তৈরি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুন ধরে গেলেও দ্রুত তা নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি হয়নি। তবে ব্যাংকের সীমানাপ্রাচীর ও দেয়ালে আগুনের দাগ লেগেছে।
ঠাকুরাকোনা শাখার ব্যবস্থাপক শ্যামল চন্দ্র বলেন, রাত ২টা ৪০ মিনিটের দিকে রাস্তার দিক থেকে কাচের বোতলে পেট্রলভর্তি একটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় তিনি ও নৈশপ্রহরী চিৎকার করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
শাখা ব্যবস্থাপক আরও জানান, মূল ফটকের সামনে আগুন জ্বলে উঠলেও দ্রুত তা নিভে যাওয়ায় কার্যালয়ের ভেতরে বা নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। পরে ঘটনাস্থলে পেট্রলভর্তি আরও একটি অক্ষত কাচের বোতল পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, নেত্রকোনার চল্লিশা, আমতলাসহ জেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে।











