Ajker Patrika

নেত্রকোনায় পারিবারিক বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় পারিবারিক বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ শনিবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের সালেঙ্গা গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের আবুল হাশিমের ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সালেঙ্গা গ্রামের জামাল মিয়ার মেয়েকে নিয়ে পালিয়ে যান একই গ্রামের হক্কুনের ছেলে। এ ঘটনায় জামাল মিয়া মামলা করলে পুলিশ তাঁর মেয়েকে উদ্ধার করে। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এরই জেরে শুক্রবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এম এম এস মাটি জানান, হাসপাতালে আনার আগেই সাদ্দামের মৃত্যু হয়েছিল।

ওসি সোহেল রানা বলেন, ছেলে-মেয়েসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের বিরোধের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে শুক্রবার রাতেই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দাফন শেষে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত