লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে সহোদর ২ ভাই গ্রেপ্তার

নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। এ সময় তাঁদের বাড়ি থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: গন্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)।
এসআরবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
এসআরবি জানায়, শিমুল আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ঘর থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রতারণার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’









