
নাটোরের গুরুদাসপুরে কাঁচা সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়ার কথা বলে গ্রামবাসীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগ, সড়ক পাকাকরণ প্রকল্পের তদবির ও সংশ্লিষ্ট খরচের কথা বলে এ টাকা সংগ্রহ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি কোনো টাকা গ্রহণ করেননি।
ঘটনাটি ঘটেছে উপজেলার মশিন্দা ইউনিয়নের উত্তর বাহাদুরপাড়া গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কাদাপানিতে দুর্ভোগ পোহানো গ্রামীণ সড়কটি পাকাকরণের উদ্যোগ নেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক এবং মশিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ।
গ্রামবাসীর ভাষ্য, আবুল কালাম আজাদের প্রচেষ্টায় উত্তর বাহাদুরপাড়া এলাকার প্রায় পাঁচ কিলোমিটার সড়ক পাকাকরণ প্রকল্প অনুমোদন হয়েছে। এ প্রকল্পে প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ হয়েছে বলে তাঁরা জানান। সময় সুযোগমতো স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ প্রকল্পের উদ্বোধন করবেন বলেও জানানো হয়েছে।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সড়ক পাকাকরণের কথা বলে ‘মশিন্দা বাহাদুরপাড়া নদীর উত্তরপাড় সমাজকল্যাণ সংগঠনে’র মাধ্যমে প্রায় ১০০ পরিবারের কাছ থেকে ৩০০ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়েছে। তাদের দাবি, সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকা সংগ্রহ করা হয়েছে।
গ্রামবাসীর পক্ষে রনি, শাকিরুল ইসলাম, জিল্লুর রহমান, আব্দুস সালাম ও অলিউল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি কাদাপানিতে ডুবে থাকায় এলাকার মানুষের দুর্ভোগ চরমে উঠেছিল। সড়কটি পাকাকরণের আশ্বাস পাওয়ায় অনেকে টাকা দিতে আগ্রহী হয়েছেন।
তাঁরা আরও জানান, উত্তর বাহাদুরপাড়াসহ আশপাশের অন্তত আটটি গ্রাম গুমানী নদীর কারণে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। নদীর ওপর সেতু না থাকায় উত্তরপাড়ের প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত। এ সড়কের ওপর প্রায় ২০ হাজার মানুষের চলাচল নির্ভরশীল।
এর আগে সড়কটি পাকাকরণের দাবিতে ২০২৫ সালের ৫ জুলাই স্থানীয়রা সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সড়কটি পরিদর্শন করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুর রশিদ। এ সময় আবুল কালাম আজাদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়কটি পাকা করার দাবি জানান।
পরে আবুল কালাম আজাদ গ্রামবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় দ্রুত সড়ক নির্মাণের আশ্বাস দেন বলে স্থানীয়রা জানান। এরপর তদবির ও বিভিন্ন খরচের জন্য অর্থ সংগ্রহের আহ্বান জানানো হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মশিন্দা বাহাদুরপাড়া নদীর উত্তরপাড় সমাজকল্যাণ সংগঠনের ক্যাশিয়ার আরিফ হোসেন গ্রামবাসীর কাছে চাঁদা আদায়ের কথা স্বীকার করে বলেন, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ সংশ্লিষ্ট দপ্তরে তদবির করে সড়কটি পাকাকরণ প্রকল্প বাস্তবায়ন করলেও চাঁদার টাকা তাঁকে দেওয়া হয়নি। তাঁর ভাষ্যমতে, চাঁদার ২ লাখ টাকা নয়, ৪৬ থেকে ৪৭ হাজার টাকা সংগঠনের তহবিলে গচ্ছিত রয়েছে। এই টাকা সড়ক তদারকি ও আপ্যায়নে ব্যয় হচ্ছে। অবশিষ্ট টাকা সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে ব্যয় হবে।
উপজেলা প্রকৌশলী মিলন মিয়া বলেন, ‘সড়ক পাকাকরণ-সংক্রান্ত কোনো সরকারি আদেশ এখনো আমার দপ্তরে আসেনি। তবে আপ্যায়ন বা তদবিরের নামে চাঁদা আদায়ের বিষয়টি দুঃখজনক। আমার দপ্তরের কেউ আপ্যায়নের জন্য এমন কোনো অর্থ গ্রহণ করে না।’
অভিযোগের বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘আমি একটি সংগঠনের সঙ্গে যুক্ত এবং আগামীতে চেয়ারম্যান পদে নির্বাচন করব। জনস্বার্থে গ্রামের রাস্তা পাকাকরণের জন্য স্বেচ্ছায় তদবির করেছি। এ জন্য গ্রামবাসীর কাছ থেকে কোনো টাকা গ্রহণ করিনি। প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, ‘এলাকার উন্নয়নের দায়িত্ব আমার। কোনো ব্যক্তি বা সংগঠনের নয়। উন্নয়নের নামে গ্রামবাসীর কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়টি দুঃখজনক। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সড়ক পাকাকরণ প্রকল্প অনুমোদিত হয়েছে, এটি ইতিবাচক বিষয়।’

বরিশালের বাবুগঞ্জে দলিলের তফসিল পরিবর্তন করে সরকারের অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে নামজারির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। পরে ভূমি কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার...
১ ঘণ্টা আগে
দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসর নেওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার-দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থীরা। সংবর্ধনা শেষে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে নিজ বাড়িতে
২ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে বৃক্ষরোপণ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী তাঁর নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়
৩ ঘণ্টা আগে
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে লিমন ফকির (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। লিমন ফকির পূর্ব সুজনকাঠি গ্রামের আবুল হোসেন ফকিরের ছেলে
৩ ঘণ্টা আগে