Ajker Patrika

নরসিংদীতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৪

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৪
সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর টিটির চরে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ সংঘর্ষে নারীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত দুই মাসে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে অন্তত চার থেকে পাঁচবার সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা মমিন মিয়া বলেন, রাতে প্রতিপক্ষ লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। বিগত দুই মাস ধরে আমাদের বহু পরিবারকে ঘরবাড়ি ছাড়া করে রাখা হয়েছে। ভোরে নিজ ভিটাবাড়িতে ফিরতে গেলে আমাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে তাইজুদ্দিন, আহসান উল্লাহ, নূর ইসলাম, আরজিনা ও রমজান রয়েছেন। মমিন মিয়ার দাবি, ককটেল বিস্ফোরণে রমজানের দুটি দাঁত পড়ে গেছে। তাঁদের বাড়িঘরে নিরাপদে ফেরার ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে চান মিয়া গ্রুপের সদস্য চান মিয়া বলেন, রাতে প্রতিপক্ষ টেঁটা ও ককটেল নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁদের পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষের পেছনে শহীদ মেম্বারের সঙ্গে আওয়ামী লীগের লোকজনের যোগসাজশ রয়েছে।

এদিকে শহীদ মেম্বার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ভোররাতে চান মিয়ার লোকজন তাঁদের ওপর আগে হামলা চালায়। তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় এ হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ তাঁদের পক্ষের প্রায় ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে আরও পুলিশ মোতায়েন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত