Ajker Patrika

নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ দুই টেকনিশিয়ান

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২১: ৫৫
নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ দুই টেকনিশিয়ান
কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিকল হওয়ার পর অগ্নিকাণ্ডে দুই টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

আজ বুধবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বুধবার বিকেলে মিলটির বয়লার বিকল হয়ে যায়। পরে মিলমালিক ইকবাল হোসেন টেকনিশিয়ানদের ডেকে বয়লারটি মেরামতের চেষ্টা করেন। এ সময় বিকট শব্দের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি তাঁদের। আহতদের মধ্যে ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া বেশি দগ্ধ হন।

অগ্নিকাণ্ডে দগ্ধ প্রত্যক্ষদর্শী রাজু আহম্মেদ বলেন, বিকেল পাঁচটার দিকে বয়লারে লিকেজ দেখা দিলে আমি পাশের একটি মিল থেকে আগুন নেভাতে এগিয়ে যাই। এ সময় ঘটনাস্থলে মিলমালিক ইকবাল হোসেনও উপস্থিত ছিলেন। আগুনের লেলিহান শিখায় তিনিও আহত হন বলে জানান রাজু।

জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, শিল্পাঞ্চলে এ ধরনের ঘটনা নতুন নয়। মিলমালিকদের সচেতন করার চেষ্টা করেও কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না। মাধবদী শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদও দূষণে ভরপুর। অথচ অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে এ নদীর পানিই ব্যবহার করতে হচ্ছে। শিল্পাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত