
নরসিংদীর রায়পুরায় ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় এক কৃষককে আটক করার ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার ধুকুন্দি-চারাবাগ এলাকায় এ অবরোধ শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষিনির্ভর এ এলাকায় পরিবেশের তোয়াক্কা না করে মাছ ও মুরগির ফিড উৎপাদন করে আসছে পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠানের পর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় আশপাশের কৃষিজমিতে পানি জমে চাষাবাদ ব্যাহত হচ্ছে। এ নিয়ে বারবার অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
এ ছাড়া মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন সময় পুলিশ দিয়ে স্থানীয়দের হয়রানির অভিযোগও রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১ এপ্রিল) কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে স্থানীয় কৃষক শাহিন মিয়াকে (৪০) আটক করে রায়পুরা থানায় নিয়ে যায় পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী মহাসড়ক অবরোধে নামে।
পরে উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় গ্রামবাসী।
এদিকে উপজেলার মরজাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হুমায়ুন কবির বলেন, ‘আদালতে মুচলেকা দিয়ে কৃষক শাহিন মিয়াকে বাদীপক্ষ (ফিড কারখানার মালিকপক্ষ) ছাড়িয়ে এনেছে। আগামী শনিবার থানায় বসে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত হয়েছে।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করি। কোম্পানি ও স্থানীয়দের সঙ্গে উপজেলা প্রশাসন কথা বলে সমাধানের পথে এসেছে। এলাকা বর্তমানে শান্ত রয়েছে।’
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ‘সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে।’

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত এক কিলোমিটারের সড়ক পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ দিন আগে করা পিচঢালাই হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৪ ঘণ্টা আগে