নারায়ণগঞ্জে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতা বিধান চন্দ্র পোদ্দারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ থানায় দায়ের করেছেন ভুক্তভোগী।
গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে তিনি অতর্কিত হামলার শিকার হন বলে মামলায় উল্লেখ করেন। মামলায় মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল ও তাঁর সহকারী রিপনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা।
ভুক্তভোগী চিকিৎসক বিধান চন্দ্র পোদ্দার মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক (শিশু) হিসেবে কর্মরত রয়েছেন। হামলার দিন জেলা গ্রন্থাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান ছিল।
ভুক্তভোগী চিকিৎসক বিধান চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে আসেন আমাদের কেন্দ্রীয় মহাসচিব কামরুল হাসান মিলন। আমি যেহেতু নারায়ণগঞ্জ স্বাচিপের সাধারণ সম্পাদক এবং বিএমএ নারায়ণগঞ্জের সহসভাপতি সেহেতু আমাকে আগেই খবর দেওয়া হয়েছিল। তিনি (মহাসচিব) নারায়ণগঞ্জ আসার পর তাঁর অনুরোধে আমি গাড়িতে উঠে বসি। এরপর গ্রন্থাগার প্রাঙ্গণে নামতেই দেখি সেখানে ডা. সোহেলসহ নিজাম অলোক এবং বেশ কয়েকজন নন ডাক্তার আগে থেকেই দাঁড়িয়ে আছেন। আমি নামতেই আমাকে সোহেল বলল-‘তুই এখানে কেন?’ এরপরেই চার পাঁচজন মিলে আমাকে অতর্কিত মারধর শুরু করল। কোনো কারণ ছাড়াই আমাকে মারতে লাগল তাঁরা। পড়ে আশপাশের মানুষ এসে তাদের নিবৃত্ত করে। কী কারণে মারা হলো আমাকে? কেন এই আক্রমণ তা আমি জানি না।’
বিএমএ সূত্র বলছে, ২০১৮ সালের বিএমএ নির্বাচন থেকেই নারায়ণগঞ্জে চিকিৎসকদের দুটি সংগঠন রয়েছে। ওই নির্বাচনে বিএমএ নারায়ণগঞ্জ শাখার সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন ডা. বিধান চন্দ্র পোদ্দার। অন্যদিকে ভিন্ন প্যানেলে ডা. আতিকুজ্জামান সোহেল পরাজিত হয়েছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। এটা স্বাচিপের দুটি গ্রুপের মধ্যে সমস্যা হয়েছে। কেন্দ্রীয় নেতারা বিষয়টি দেখছেন। তারাই ভালো করে জানেন কার কতটুকু অপরাধ রয়েছে। থানা-পুলিশের বিষয়টি আমি অবগত নই। কেন্দ্রীয় নেতাদের কাছে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘ডাক্তারদের মারামারির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা চলমান আছে।’

রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ১২ বছরের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত-২-এ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে...
৩৪ মিনিট আগে
পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
৮ ঘণ্টা আগে
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে খোয়াই নদের বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের রাস্তাঘাট এবং প্রায় ১ হাজার ৫০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। এতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় শিক্ষার্থী ও কর্মজীবীদের বেশির ভাগের গণপরিবহন হিসেবে পছন্দ শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। তবে এই বাসে যাতায়াতে কর্মজীবীরা মাসে দুই হাজার টাকার নিচে খরচ করতে চান। শিক্ষার্থীরা চেয়েছেন অর্ধেক ভাড়ার সুবিধা।
৮ ঘণ্টা আগে