Ajker Patrika

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঞ্জিল পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঞ্জিল পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুন লাগার কারণ নিয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের বক্তব্যে অমিল পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দাবি, যাত্রীবেশে বাসে উঠে দুই ব্যক্তি আগুন দিয়ে নেমে যান। অন্যদিকে হাইওয়ে পুলিশের দাবি, বাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলাচলরত মঞ্জিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসচালকের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, যাত্রীবেশে দুজন ব্যক্তি বাসে ওঠার কিছুক্ষণ পর আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিলেন না বলে চালক জানিয়েছেন।

তবে এ বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন। তিনি বলেন, বাসে মাত্র দুজন যাত্রী ছিলেন এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা নেমে পড়েন বলে তিনি জানতে পেরেছেন। তবে তাঁর দাবি, কোনো দুর্বৃত্ত আগুন দেয়নি; বাসের যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

পুড়ে যাওয়া বাসটির অবস্থান সম্পর্কে জানতে চাইলে জুলহাস উদ্দিন বলেন, বাসটির চালক সেটি সরিয়ে নিয়ে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত