Ajker Patrika

চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে উধাও গাড়িচালক, মেসেজে লিখলেন—‘সারা জীবন কৃতজ্ঞ থাকব’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৯
চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে উধাও গাড়িচালক, মেসেজে লিখলেন—‘সারা জীবন কৃতজ্ঞ থাকব’
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে ব্যাগভর্তি এক কোটি টাকা নিয়ে চালক পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার এ ঘটনায় গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেছেন গাজীপুরের ব্যবসাপ্রতিষ্ঠান ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম।

অভিযুক্ত গাড়িচালক জাহিদ হাসান (৩০) ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী চীনা নাগরিক ইউ শ্যালি। তিনি প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে পোশাক ব্যবসার সঙ্গে জড়িত। গাজীপুরে তাঁর চারটি প্রতিষ্ঠান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল থেকে জাহিদ হাসান ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইউ শ্যালির গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কারখানায় কাজ শেষে প্রতিষ্ঠানের গাড়িতে চেয়ারম্যানকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

সন্ধ্যা ৭টায় রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়িটি থামান জাহিদ। পরে ইউ শ্যালি খাবার খেতে হোটেলের ভেতরে যান। এ সময় চালক গাড়িটি গুলশানের একটি কফিশপের পার্কিংয়ে রেখে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান। খাওয়া শেষে সেখানে ফিরে চেয়ারম্যান গাড়ি ও চালককে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। চালকের মোবাইলে কল করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।

মামলার বাদী আকরামুল ইসলাম বলেন, ‘পালিয়ে গিয়ে জাহিদ আমাদের চেয়ারম্যানের মোবাইলে মেসেজ পাঠান। সেখানে লেখেন—‘‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে। আমি জানি না, বাঁচব কি না। যদি বেঁচে থাকি, আপনার টাকা ফেরত দেব। আমি এখন কাঁদছি। কারণ, আমি বিশ্বাস ভঙ্গ করেছি।’

চালকের মেসেজের ভিত্তিতে গুলশানের লে ডি অর কফিশপের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, টাকা লুটের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত