ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন চিকিৎসা নিয়ে ফিরেছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৮ জন। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে।
আজ বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) সুলতান মাহমুদ শিকদার এসব তথ্য জানান।
সুলতান মাহমুদ বলেন, ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৯৪ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৮ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় একজনকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। আরেকজন এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে। অন্যদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ভবনটির লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন লাগে। পরে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ও শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এর আগে গতকাল মঙ্গলবার সুলতান মাহমুদ শিকদার জানিয়েছিলেন, ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে আসা শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল।










