নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। রাত ৩টা ৪৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাঁরা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। লাইব্রেরির বইয়ে আগুন লাগার কারণে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।









