Ajker Patrika

ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে এই পথে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সড়কে যানবাহন ও যাত্রীর অতিরিক্ত চাপ লক্ষ করা গেছে। নির্বাচনের ছুটিতে ভোট দিতে ঢাকা ছাড়ছেন বিপুলসংখ্যক মানুষ—এটাই যানজটের প্রধান কারণ বলে জানা গেছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময়ও যানজট অব্যাহত ছিল।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সানারপাড় থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে বরপা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

যানজটে আটকে থাকা যাত্রী সুজন বলেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশে বের হলেও চিটাগাং রোড এলাকায় প্রায় ৪০ মিনিট ধরে আটকে আছি।’

আরেক যাত্রী সামিমা আক্তার বলেন, ‘দীর্ঘদিন ভোট দিতে পারিনি। এবার নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেয়ে সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি।’

বাসচালক কুদ্দুস বলেন, ‘সকালে কুমিল্লা যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু এসে দেখি পুরো সড়কই যানজট। প্রায় ২০ মিনিট ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি।’

যাত্রী শাওন বলেন, একই স্থানে দীর্ঘ সময় ধরে গাড়ি আটকে রয়েছে। যানজটের নির্দিষ্ট কারণ তিনি জানতে পারেননি।

এদিকে কয়েকজন বাসচালক জানান, নির্বাচন উপলক্ষে মানুষ নিজ নিজ গ্রামে যাওয়ায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে, এতে যানজট সৃষ্টি হয়েছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘আমাদের অধিকাংশ পুলিশ সদস্য নির্বাচনী ডিউটিতে থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। সারা রাত যানজট নিরসনে কাজ করেছি। মূলত বরপা এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হওয়া এবং অতিরিক্ত চাপের কারণে যানজট তৈরি হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।’

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, ‘সড়কে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। গভীর রাত পর্যন্ত মহাসড়কে ছিলাম। যানজটের কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত