ত্বকী হত্যার বিচার দাবিতে আলোক প্রজ্বালন

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৪ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এই আয়োজন করে।
কর্মসূচিতে নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, সরকার বদল হলেও বিচারব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি। এখনো শেখ হাসিনার ধ্বংস করে রেখে যাওয়া বিচারব্যবস্থার ধারাবাহিকতা চলছে। ক্ষমতা নির্বিঘ্ন করার জন্য ইতিপূর্বে সব সরকারই বিচারব্যবস্থাকে হাতিয়ার করেছে, এখনো তাই চলছে। আমরা বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা দেখতে চাই। বিচারব্যবস্থার স্বাধীনতা চাই।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটি স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়নি। অপরাধ সংঘটনের পর অপরাধী যখন বিচারের আওতায় আসে না, তখন সে অপরাধীই রাষ্ট্রের শাসক হয়ে ওঠে। ত্বকীর ক্ষেত্রে তাই ঘটেছে। তিনি বলেন, শহীদ ত্বকী আমাদের প্রজন্মের নাগরিক, তেরো বছরেও তার বিচার না হওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি রাষ্ট্রের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে। আমরা ত্বকীসহ সব হত্যাকাণ্ডের বিচার চাই, চব্বিশের অভ্যুত্থানে নিহত রিয়া গোপের বিচার চাই।
সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রথীন চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, সিপিবির সাবেক জেলা সভাপতি হাফিজুর ইসলাম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার যুগ্ম সমন্বয়ক অঞ্জন দাস, বাসদ জেলা সংগঠক এস এম কাদের, মহিলা পরিষদ নেত্রী শোভা সাহা, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।









