Ajker Patrika

ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে ইজিবাইকচালক আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে ইজিবাইকচালক আহত
নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের দুটি খণ্ড চলন্ত ইজিবাইকের ওপর পড়ে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের দুটি খণ্ড চলন্ত ইজিবাইকের ওপর পড়ে চালক আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত ইজিবাইকচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচলের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭২ নম্বর পিলারের ওপরের অংশ থেকে কংক্রিটের দুটি বড় খণ্ড ইজিবাইকের ওপর পড়ে। এতে চালক আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় কয়েকজন রাজমিস্ত্রি আশঙ্কা প্রকাশ করে বলেন, পিলারের ঢালাইয়ের ভেতরের রড থেকে কংক্রিট আলাদা হয়ে খসে পড়েছে। এ ধরনের সমস্যাকে ‘কংক্রিট স্পলিং’ বলা হয়। তাঁদের মতে, এ পিলারের পাশাপাশি ফ্লাইওভারের অন্য অংশও পরীক্ষা করা প্রয়োজন।

তবে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এটি স্পলিংয়ের ঘটনা নয়। নির্মাণকাজের সময় শ্রমিকদের ফেলে যাওয়া একটি কংক্রিটের ব্লক ইজিবাইকের ওপর পড়ে দুর্ঘটনা ঘটেছে। উড়াল সড়কের অন্য কোথাও কোনো সমস্যা নেই। আমরা আশা করছি, ডিসেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী ফ্লাইওভারটি উদ্বোধন করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত