Ajker Patrika

ত্বকীর স্মরণে হবে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২৩: ০৯
ত্বকীর স্মরণে হবে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
তানভীর মুহাম্মদ ত্বকী। ফাইল ছবি

নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে লেখা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম ১০ জনকে সনদ, বই ও ক্রেস্ট দেওয়া হবে। সে সঙ্গে প্রথম স্থান অধিকারী পাবেন ত্বকী পদক-২০২৬। প্রতিযোগিতায় বিজয়ীদের লেখা ও চিত্রকর্ম নিয়ে স্মারক প্রকাশ করা হবে।

আজ বুধবার ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’-এর সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রচনা প্রতিযোগিতায় পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগের বিষয় ‘আমার স্কুল’ (৩০০ শব্দের মধ্যে), অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় ‘শিশু নির্যাতন চাই না’ (৬০০ শব্দের মধ্যে), কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকীকে নিয়ে একটি রচনা’ (১৫০০ শব্দের মধ্যে)।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগের বিষয় উন্মুক্ত, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় উন্মুক্ত এবং সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকীর প্রতিকৃতি’। চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত। কার্টিজ পেপারের চার ভাগের এক ভাগ (১০ * ১৫ ইঞ্চি) আকারের কাগজে ছবি আঁকতে হবে।

আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে রচনা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠাতে হবে।

স্পষ্ট অক্ষরে খামের ওপর নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর লিখে এর সঙ্গে এক কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করে পাঠাতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীদের ছবির পেছনে স্পষ্টভাবে ইংরেজিতে নিজের নাম লিখতে হবে। লেখা ও চিত্রকর্ম পাঠানোর ঠিকানা—‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২৬’, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস কে রোড, নারায়ণগঞ্জ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত