Ajker Patrika

বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা
জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের একদিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক নেতা ও তাঁর বাবাকে। মামলায় ওই ছাত্রদল নেতাকে ছাত্রলীগ নেতা বলে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ওই ছাত্রদল নেতার দাবি, ভিন্ন গ্রুপের রাজনীতি করায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বাবাসহ তাঁকে আসামি করা হয়েছে। মামলার বাদী ওয়ার্ড বিএনপির নেতার দাবি, তাদেরকে আসামি করার বিষয়ে থানা পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল।

ভুক্তভোগী ছাত্রদল নেতার নাম মেহেদী হাসান (২৮)। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। এই মামলায় আসামি করা হয়েছে তাঁর বাবা আলতাফ সরদারকেও (৪৫)।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২১ নভেম্বর রাতে ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে থানায় ৬৮ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পাশাপাশি আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার ৫ ও ৬ নম্বর আসামির তালিকায় রাখা হয়েছে আলতাফ সরদার ও মেহেদী হাসানকে। মামলার এজাহারে আলতাফ সরদারের কোনো পদবি উল্লেখ না করা হলেও মেহেদী হাসানকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। তখন আমার জেলা সভাপতি ছিলেন মশিউর রহমান রনি। আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। মূলত মামলার বাদী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমাদের দূর সম্পর্কের আত্মীয়। সে বিএনপির এক বলয়ের রাজনীতি করে, আমরা আরেক বলয়ের রাজনীতি করি। এই কারণেই আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করছে।’

তালিকার যে তারই এ বিষয়ে নিশ্চিত কি না, জানতে চাইলে মেহেদী বলেন, ‘আমার বাবা ও আমার নাম এক সাথে দিয়েছে। আমি মামলার বাদী ফারুক মাতবরের সাথে কথা বলেছি। সে আমাকে বলছে, এটা ওপর থেকে আসছে। আমি শুধু বাদী হিসেবে সাইন করছি।’

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান দোলন বলেন, ‘যাকে মামলার আসামি করা হয়েছে সে ছাত্রদলের সক্রিয় নেতা। আওয়ামী লীগ আমলে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। এটা লজ্জাজনক যে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছে।’

মামলার বাদী ফারুক মাতবর আজকের পত্রিকাকে বলেন, ‘এটা সাংগঠনিক ব্যাপার স্যাপার। কোন খানে কার নাম দিছে ওইটা তো বুঝা যায় না। মিসটেকও হইতে পারে দুই একটা। যারা মামলা দিয়েছে তারা হয়তো জানে না ছেলেটা বিএনপির সাথে সংশ্লিষ্ট।’

কিন্তু মামলার বাদী তো আপনি এমন প্রশ্নে বলেন, ‘ভাই এটা সাংগঠনিক ব্যাপার, একটু বোঝেন বিষয়টা। থানা থেকে যেভাবে নির্দেশনা আসছে আমি সেভাবে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হিসেবে মামলার বাদী হইছি। উনারা যা বলবো আমার তো সেভাবেই কাজ করতে হবে।’

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার ভেতর ছাত্রদলের কেউ আছে কি না, এটা বাদী বলতে পারবে। আমরা তো কারও দলীয় পরিচয় দেখি না। আমরা বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছি। পরবর্তীতে তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত