
নওগাঁর মান্দায় আত্রাই নদের চার স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। অন্তত ১ হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ১ হাজার বিঘা জমির আউশ ও আমন ধানের খেত। চরম দুর্ভোগে পড়েছেন প্লাবিত এলাকার মানুষ।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত রোববার সকাল থেকে আত্রাই নদে পানি বাড়তে শুরু করে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এ নদের পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামীকাল বুধবার পর্যন্ত নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ধারণা করা হচ্ছে কয়েক দিনের ভারী বর্ষণে আরও কয়েক দিন পানি বাড়তে পারে। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের বেশ কিছু এলাকা চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টিকিয়ে রাখতে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বস্তায় বালু ভরে গতকাল সোমবার সন্ধ্যা থেকে মেরামতের কাজ করছেন শ্রমিকেরা। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহায়তায় এসব কাজ বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন।
উপজেলার পারনুরুল্লাবাদ গ্রামের বাসিন্দা মজিবর রহমান বলেন, ‘দীর্ঘদিনের পুরোনো বেড়িবাঁধটি সংস্কার করা হয়নি। এ কারণে প্রতিবছর বেড়িবাঁধ স্থানে ভেঙে পুরো গ্রামটি প্লাবিত হয়। এ সময় পরিবারের লোকজনসহ গরু-ছাগল নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়। তলিয়ে যায় খেতের ফসল। আমরা মজবুত বেড়িবাঁধটি নির্মাণের দাবি করছি। সরকারি কোনো অনুদান চাই না।’
নুরুল্লাবাদ ইউনিয়নের সাতটি গ্রামে বেশি পানি প্রবেশ করেছে। এ ইউনিয়নের নুরুল্লাবাদ ও পারনুরুল্লাবাদ এলাকায় বেড়িবাঁধ ভেঙে ৪০০ পরিবার এবং ফকিন্নি নদীর তীরবর্তী এলাকার অন্তত ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া প্রসাদপুর ইউনিয়নের বাইবুল্যা ও বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে ৫০০ পরিবার।
নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আত্রাই নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এ ইউনিয়নের সাতটি গ্রামের অন্তত ১০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব গ্রামের পানিবন্দী মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
প্রসাদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, সোমবার রাত ২টার দিকে বাইবুল্যা এলাকায় বেড়িবাঁধ ভেঙে গ্রামের ৩০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান এস এম গোলাম আজম বলেন, কয়লাবাড়ী বেড়িবাঁধের ভাঙনস্থানটি মেরামত না করায় ওই স্থান দিয়ে পানি অনায়াসে গ্রামে ঢুকে পড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ২০০ পরিবার। একই সঙ্গে তলিয়ে গেছে অন্তত ৩০০ বিঘা জমির আমন ধানের খেত।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, ‘বন্যার পানিতে নদী-তীরবর্তী ফসলের জমি তলিয়ে গেছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা এলাকা ঘুরে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছেন। দু-এক দিনের মধ্যে ক্ষতির পুরো তথ্য জানা যাবে।’
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, এরই মধ্যে বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বস্তায় বালু ভর্তি করে মেরামতের কাজ চলছে। প্লাবিত এলাকা সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি দপ্তর।

কক্সবাজার সৈকতে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় এক কটেজ মালিককে খালাস দেওয়া হয়েছে।
১০ মিনিট আগে
বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বরিশাল কোতোয়ালি মডেল থানায়....
২৫ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার প্রতিবাদে ‘সেলফি পরিবহন’-এর ছয়টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট)-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান...
২৯ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশ থেকে নবজাতকটি উদ্ধার হয়।
৩৬ মিনিট আগে