Ajker Patrika

নওগাঁর মান্দায় বৃদ্ধকে ইটভাটায় নিয়ে নির্যাতনের অভিযোগ, অস্বীকার ভাটামালিকের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
নওগাঁর মান্দায় বৃদ্ধকে ইটভাটায় নিয়ে নির্যাতনের অভিযোগ, অস্বীকার ভাটামালিকের
প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় আজিজার রহমান (৬১) নামে এক ব্যক্তিকে জোর করে একটি ইটভাটায় তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ভাটামালিক মকছেদ আলী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে উপজেলার গণেশপুর ইউনিয়নের মীরপুর এলাকায় হাজেরা ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।

আহত আজিজার রহমানকে স্থানীয় লোকজন ইটভাটা থেকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আজিজার রহমান গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আজিজার রহমান বলেন, গোবিন্দপুর গ্রামের সোহেল রানার সঙ্গে সতিহাট বাসস্ট্যান্ড এলাকার কিছু জমি নিয়ে ভাটামালিক মকছেদ আলীর বিরোধ চলছে। তিনি সোহেল রানার পক্ষে জমিসংক্রান্ত কাগজপত্র দেখাশোনা করতেন। এ কারণে মকছেদ আলী ও তাঁর লোকজন তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।

আজিজার রহমানের অভিযোগ, শনিবার রাত নয়টার দিকে বিনয়বাজার থেকে বাড়ি ফেরার পথে আছির মোল্লার বাড়ির সামনে পৌঁছালে মকছেদ আলীর জামাই লিটন ও সন্ত্রাসী কাজলের নেতৃত্বে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা একদল লোক তাঁর পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে মীরপুর এলাকার হাজেরা ব্রিকস ইটভাটায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে হাত-পা বেঁধে তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়।

আজিজার রহমানের ভাতিজা মাসুদ রানা বলেন, চাচাকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে তাঁরা ইটভাটায় যান। সেখানে আজিজার রহমানকে আহত অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।

এদিকে মারধর বা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন ভাটামালিক মকছেদ আলী। তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তাঁর ইটভাটায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত