
নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর ব্রমত্তপাড়া গ্রামের প্রবাসী যুবক সোহেল রানা (২৬) মালয়েশিয়ার কুয়ালালামপুর এলাকার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পাওয়ার পর দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেন তিনি।
নিহত সোহেল রানা ওই গ্রামের নজরুল ইসলাম সরদারের ছেলে। স্বজনদের অভিযোগ, বিয়ের পর সোহেল রানার কাছ থেকে বিভিন্ন কায়দায় সাড়ে আট লাখ টাকা হাতিয়ে নেন স্ত্রী মারুফা আক্তার স্বপ্না (২২)। পরে গত বুধবার (৩ জুন) সোহেল রানাকে তালাক দেন তিনি। তালাকের নোটিশ সোহেল রানার হোয়াটসঅ্যাপে পাঠানো হয় বলে পরিবারের দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় সাড়ে তিন বছর আগে সোহেল রানা মালয়েশিয়ায় যান। সেখানে অবস্থানকালে মোবাইল ফোনে মান্দা উপজেলার মধ্যমৈনম গ্রামের মারুফা আক্তার স্বপ্নার সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে সম্পর্ক গড়ে উঠলে উভয় পরিবারের সম্মতিতে গত ৫ মার্চ মোবাইল ফোনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
নিহত সোহেলের বোন সাবিনা খাতুন জানান, বিয়ের পর গরুর শেড নির্মাণ, গরু কেনাসহ বিভিন্ন অজুহাতে সোহেল রানার কাছ থেকে সাড়ে আট লাখ টাকা নেন স্বপ্না। ঈদের দুই দিন আগেও গরু কেনার জন্য তাঁকে এক লাখ টাকা দেওয়া হয়েছিল।
সাবিনা খাতুন আরও অভিযোগ করেন, সোহেলের সঙ্গে বিয়ের আগে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার আরেক প্রবাসী যুবককে বিয়ে করেছিলেন মারুফা। বিভিন্ন অজুহাতে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাঁকেও তালাক দেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, স্বপ্না অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে তিন লাখ টাকা নিয়েছিলেন। এ নিয়ে হইচই শুরু হলে ওই যুবককে এক লাখ টাকা ফেরত দেওয়া হয়। তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানান তিনি।
অভিযুক্ত মারুফা আক্তার স্বপ্না টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্বামী সোহেল রানার মানসিক সমস্যা রয়েছে। মোবাইল ফোনে মাঝেমধ্যেই আত্মহত্যার হুমকি দেন। তাই তাঁকে তালাক দিয়েছি।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, বিষয়টি তিনি জেনেছেন। পরিবারটিকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরের ছয় থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে গত তিন দিনে জেলায় যৌথ অভিযানে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ...
২৫ মিনিট আগে
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
৩৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ জগবন্ধু এলাকায় মেঘনা নদীতে জেগে উঠেছে বড় একটি চর। চরের উর্বর মাটিতে গজিয়েছে সবুজ ঘাস। সেই চর দেখে আবার নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার আশা করছেন একসময়ের নদীভাঙনের শিকার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
‘এই চর আমরা হাতছাড়া হতে দেব না’—শীতলক্ষ্যা-ব্রহ্মপুত্রের মিলনস্থলে জেগে ওঠা ধাঁধার চর নিয়ে এমনই ক্ষোভ স্থানীয়দের। তাঁদের জীবিকা, কৃষি উৎপাদন, গবাদিপশু পালন ও পাখির আবাসস্থল এই চরে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
৫ ঘণ্টা আগে