Ajker Patrika

শ্লীলতাহানির অভিযোগে সালিস, ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২১: ১২
শ্লীলতাহানির অভিযোগে সালিস, ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দায় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে সালিস বৈঠকে এক যুবককে দুই লাখ টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে। জরিমানার টাকা দিতে না পারায় তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও সালিসে উপস্থিত মাতবরদের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন ওই যুবকের স্ত্রী।

এ ঘটনায় ভুক্তভোগী যুবক শিশ মোহাম্মদ (৩৪) নওগাঁ আদালতে পৃথক দুটি মামলা করেছেন। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওই নারীও মান্দা থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তারের পর শিশ মোহাম্মদকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শিশ মোহাম্মদ মান্দা উপজেলার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৩ অক্টোবর শিশ মোহাম্মদ নিজের জমিতে আমন ধানে সেচ দিচ্ছিলেন। অন্য জমিতে সেচ দেওয়ার কথা বলে সন্ধ্যায় একই গ্রামের একটি বাড়িতে তাঁকে ডেকে নেওয়া হয়। সেখানে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে স্থানীয় লোকজন তাঁকে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন।

পরে ওই রাতেই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্থানীয় মাতবরদের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। বৈঠকে শিশ মোহাম্মদকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারায় তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও ব্যাংকের দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

শিশ মোহাম্মাদের স্ত্রী শাকিলা বিবি জানান, পূর্ববিরোধের জেরে তাঁর স্বামীকে মিথ্যা অভিযোগে আটকে রেখে মারধর করা হয়েছে। পরে সালিস বৈঠকে দুই লাখ টাকা জরিমানা করে ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়া হয়। এসব ঘটনার প্রতিকার চেয়ে তাঁর স্বামী আদালতে পৃথক দুটি মামলা করেছেন।

শাকিলা বিবি আরও অভিযোগ করেন, ওই মামলা থেকে বাঁচতে মাতবরদের প্ররোচনায় ওই নারী গতকাল শুক্রবার তাঁর স্বামীর বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘সালিস বৈঠক হয়েছে। সালিসে উপস্থিত মাতবরেরা ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নিয়ে আমার কাছে জমা দিয়েছেন।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নারীর শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় শিশ মোহাম্মদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় শিশ মোহাম্মদও আদালতে পৃথক দুটি মামলা করেছেন। এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত