ময়মনসিংহে বিভাগীয় বইমেলা শুরু, অংশ নিয়েছে ৭৩ প্রকাশনা প্রতিষ্ঠান

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। আজ মঙ্গলবার বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এবারের মেলায় আটটি সরকারি ও ৬৫টি বেসরকারিসহ মোট ৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জামিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রুকন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক আব্দুর রব মোশাররফ।
উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই। বই মানুষের পরম বন্ধু। বইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে পারলে প্রগতিশীল সমাজ গড়ে উঠবে। এটি তথ্যভিত্তিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবে কাজ করবে।
আয়োজকেরা জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
বইমেলাকে ঘিরে শিশু-কিশোরদের জন্য রাখা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা। আগামীকাল বুধবার কবিতা আবৃত্তি, বৃহস্পতিবার চিত্রাঙ্কন, শুক্রবার কচিকাঁচার উৎসব এবং শনিবার রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী রোববার কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, সোমবার স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠের আয়োজন রয়েছে। মঙ্গলবার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এবারের বইমেলা।
আয়োজকদের প্রত্যাশা, এ বইমেলা ময়মনসিংহ বিভাগের পাঠক, লেখক, কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বাড়ানো এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আয়োজন।









