Ajker Patrika

মোটরসাইকেল নিয়ে রেলসেতু থেকে পড়ে যুবকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
মোটরসাইকেল নিয়ে রেলসেতু থেকে পড়ে যুবকের মৃত্যু
মো. সোহাগ মিয়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ে রেলসেতু পার হওয়ার সময় নিচে পড়ে গুরুতর আহত মো. সোহাগ মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী স্টেশনের কাছে শীলা রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সোহাগ মিয়া গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মিয়া শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ শীলা রেলসেতু অতিক্রম করার সময় স্লিপারে চাকা পিছলে মোটরসাইকেলসহ নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। আজ রোববার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সোহাগ মিয়ার চাচাতো ভাই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। কর্মসূত্রে উপজেলার গয়েশপুর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

রেলসেতু এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা জানান, এই রেলসেতু দিয়ে প্রতিদিন স্থানীয় লোকজন, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পারাপার হয়। হঠাৎ ট্রেন এলে দ্রুত সড়ে না গেলে অনেকেই আহত হয়। সেতুর পাশে জায়গা না থাকায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আবুল বাশার বলেন, ‘ঘটনাটি লোকমুখে শোনতে পেরেছি। মোটরসাইকেল আরোহী শীলা রেলসেতু থেকে পড়ে গিয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত