Ajker Patrika

গণ-অভ্যুত্থানে পতিত সরকারের ফিরে আসার নজির নেই: পর্যটনমন্ত্রী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৫: ৪৩
গণ-অভ্যুত্থানে পতিত সরকারের ফিরে আসার নজির নেই: পর্যটনমন্ত্রী
ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একসময় নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

পর্যটনমন্ত্রী বলেছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত কোনো সরকারের পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির বিশ্ব ইতিহাসে নেই। গত ৩০০ থেকে ৪০০ বছরের ইতিহাসেও এমন কোনো ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী এসব কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, ‘ডিসেম্বর, ডিসেম্বর বলে আমাদের মধ্যে কিছু মানুষ একটি বিষয় ছড়ানোর চেষ্টা করছে। আপনারা জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর কথা স্মরণ করুন। তারা একবার পালিয়ে যাওয়ার পর আর জার্মানিতে ফিরে আসতে পারেনি। বিশ্বে এমন কোনো নজির নেই যে, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত কোনো সরকার আবার ফিরে এসেছে।’

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, ‘আমি মনে করি, আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে। অতএব, কে আসবে, কে আসবে না—এসব চিন্তা করে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। কিছু মানুষ অন্যদের বিপদে ফেলার জন্য উসকানি দেওয়ার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে, আপা আবার কখন আসবেন, আবার ক্ষমতায় ফিরতে পারবেন। এসব চিন্তা একেবারেই ভুলে যান।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে পর্যটনমন্ত্রী বলেন, আপনারা এসব কথায় কান দেবেন না। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। নির্দ্বিধায় কাজ করবেন। এই সরকার সবার জন্য।

আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত