Ajker Patrika

ঘুষের টাকা গুনছেন ভূমি অফিসের কর্মচারী, ভিডিও ভাইরাল

মুন্সিগঞ্জ প্রতিনিধি
টেবিলে ঘুষের টাকাসহ লুৎফা আক্তারের একটি ভিডিও ভাইরাল হয়। ছবি: সংগৃহীত
টেবিলে ঘুষের টাকাসহ লুৎফা আক্তারের একটি ভিডিও ভাইরাল হয়। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তারের (৪৫) বিরুদ্ধে সেবাপ্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এক সেবাপ্রার্থীর কাছ থেকে তাঁর ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এমন ভিডিওটি প্রকাশের পরও প্রশাসনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, জমির নামজারি, খাজনা ও অন্যান্য নথিসংক্রান্ত কাজে দীর্ঘদিন ধরেই ভূমি অফিসে ঘুষ নেওয়ার সংস্কৃতি চালু রয়েছে। সম্প্রতি এক ভুক্তভোগী গোপনে লুৎফা আক্তারের ঘুষ দেওয়ার দৃশ্য গোপনে ক্যামেরায় ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, লুৎফা আক্তার টেবিলে বসে টাকার বান্ডিল গুনছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে কাজ দ্রুত করে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করছেন।

ভিডিওটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ কেউ লুৎফা বেগমের বিষয়-সম্পত্তির দিকে ইঙ্গিত করে মন্তব্য করেন, একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর পক্ষে একাধিক ফ্ল্যাট কেনা কীভাবে সম্ভব? প্রশাসন বিষয়টি তদন্ত না করায় তাঁরা হতাশা ব্যক্ত করেন।

স্থানীয় সূত্র জানায়, লুৎফা আক্তার বর্তমানে পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসে জারিকারক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অন্য একটি ভূমি অফিসে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, ঘুষের টাকায় তিনি মুন্সিগঞ্জ শহরের আফতাব প্লাজা ও জিএইচ সিটি সেন্টারে দুটি দামি ফ্ল্যাট কিনেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাপ্রার্থী জানান, শিল্প এলাকা হওয়ায় পঞ্চসারের জমিসংক্রান্ত যেকোনো কাজে ভূমি অফিসের কর্মীদের ইশারার ওপর নির্ভর করতে হয়। তাঁরা বলেন, ‘ঘুষ না দিলে কোনো কাজই এখানে হয় না। ঘুষ দেবে যে, নেবে যে—দুজনেই অপরাধী, কিন্তু বাধ্য হয়েই ঘুষ দিতে হয়।’

এক ভুক্তভোগী সেবাপ্রার্থী বলেন, ‘এক লাখ টাকার বেশি ঘুষ দেওয়ার পরও লুৎফা আমাকে উল্টো দালাল বলে অপমান করেন। এতে খুব লজ্জায় পড়েছি।’

আরেকজন জানান, তিনি ৮০ হাজার টাকা লুৎফাকে এবং আরও এক লাখ টাকা আরেক কর্মকর্তাকে দেওয়ার পরও জমির বিষয়ে নামজারি হয়নি। ঘুষের বিষয়ে লুৎফা তাঁর স্কুলজীবনের বান্ধবীকেও ছাড় দেননি বলেও জানান তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে লুৎফা আক্তার জানান, তিনি ফোনে কোনো মন্তব্য দেবেন না। তিনি অফিসে গিয়ে কথা বলতে বলেন।

পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আবুল খায়ের শামীম বলেন, ঘুষের লেনদেন সম্পর্কে তিনি অবগত নন। লুৎফার সম্পদ বিবরণী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিধিমালা অনুযায়ী হলফনামায় সম্পদের বিবরণ থাকে কি না, তা আমার জানা নেই।’

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার বলেন, ‘ঘুষ নেওয়ার ভিডিওটি আমরা দেখেছি। বিষয়টি জেলা প্রশাসন যাচাই-বাছাই করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 
নিহত ব্যক্তির স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
নিহত ব্যক্তির স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার হোমনায় শান্ত দাস (২২) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে হোমনা পৌর এলাকার কারারকান্দি-বাহেরখোলা সড়কের পাশের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শান্ত দাস হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের অরুণ চন্দ্র দাসের ছেলে।

নিহত শান্তর বাবা অরুণ চন্দ্র দাস জানান, শান্ত দাস গতকাল বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি যাননি। আজ সকালে ভুট্টাখেতে তাঁর লাশ দেখতে পেয়ে লোকজন খবর দেন। তাঁর ধারণা, ছেলের অটোরিকশা ছিনতাই করতে তাঁকে হত্যা করা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
যুবককে গাছে বেঁধে মারধর। ছবি: সংগৃহীত
যুবককে গাছে বেঁধে মারধর। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের ট্রাকস্ট্যান্ড এলাকায় এক যুবককে গাছের সঙ্গে বেঁধে হাতুড়ি দিয়ে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় কুরবান আলী নামের এক মোটর মেকানিককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় টান কালিয়াকৈর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, দিনদুপুরে ওই যুবককে হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে। তবে হাতুড়িপেটার শিকার ওই যুবকের নাম-ঠিকানা জানা যায়নি।

অভিযুক্ত ব্যক্তি দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর এলাকার আব্দুল মালেকের ছেলে কুরবান আলী (৩২)। প্রায় ১৫ বছর আগে তিনি কালিয়াকৈরের চাপাইর এলাকায় বিয়ে করে বসবাস শুরু করেন। তিনি একটি বাসের মালিক বলেও জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, গত বুধবার ট্রাকস্ট্যান্ড এলাকায় একটি নারকেলগাছের সঙ্গে যুবকটিকে ‘চোর’ বলে বেঁধে রাখা হয়। এরপর হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ২৫ থেকে ৩৫ মিনিট তাঁকে একইভাবে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ মোবাইলে ছবি ও ভিডিও তুললেও কেউ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। পরে আহত যুবককে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, হাতুড়িপেটার ঘটনায় আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে আজ গাজীপুর জেলহাজতে পাঠানো হবে।

কুরবান আলীর কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের বরাতে ওসি বলেন, কুরবান আলীর একটি বাস রাজধানী পরিবহন কোম্পানির অধীনে চলাচল করে। গাড়িটির মূল চালক কিছুদিন আগে হাতুড়িপেটার শিকার ওই যুবককে বদলি হিসেবে চালাতে দিয়েছিলেন। এই সুযোগে তিনি ঢাকার মিরপুরে নিয়ে বাসটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন। পরে মূল চালক সেটি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেন। বদলি চালক গতকাল এলাকায় গেলে তাঁকে বেঁধে হাতুড়ি দিয়ে পেটান কুরবান আলী। মারধরের শিকার যুবকের বাড়ি উত্তরবঙ্গে। তবে মূল ভুক্তভোগীকে পেলে এর সত্যতা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শিশু সাজিদকে একনজর দেখতে ছুটে আসেন অসংখ্য মানুষ। ছবি: আজকের পত্রিকা
শিশু সাজিদকে একনজর দেখতে ছুটে আসেন অসংখ্য মানুষ। ছবি: আজকের পত্রিকা

সকালের আলো ফোটার আগেই কোয়েলহাট পূর্বপাড়া থমকে যায়। মসজিদের মাইকে বারবার ভেসে আসে শিশু সাজিদের জানাজার খবর। দুদিন ধরে শোকে স্তব্ধ গ্রামের বাতাস আরও ভারী হয়ে ওঠে এ ঘোষণায়। হাজারো মানুষ চোখের পানি ফেলেন তাকে দেখতে এসে।

সকাল সাড়ে ১০টায় গ্রামের মাঠে জানাজা হয় দুই বছরের শিশু সাজিদের। এরপর দাফন করা হয় পাশের গোরস্তানে। রাজশাহীর তানোর উপজেলার এ গ্রামের রাকিবুল ইসলামের শিশুসন্তান সাজিদ গত বুধবার দুপুরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় মাটির ৫০ ফুট গভীর থেকে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে জানাজা শেষে তাকে নেককিড়ি কবরস্থানে দাফন করা হয়। এর আগে সবাই এক পথে চলতে থাকেন সাজিদের বাড়ির দিকে।

সাজিদের ছোট দেহটি জানাজার জন্য মাঠের দিকে নিয়ে যাওয়ার আগে বাড়িতে আবার কান্নার ঢেউ ওঠে। স্বজনদের বুকফাটা আর্তনাদ, বিশেষ করে তার মায়ের আকুতি মানুষকেও কাঁদায়। তিনি বারবার ছুটে যেতে চাইছিলেন সন্তানকে ছুঁয়ে দেখতে, জড়িয়ে ধরতে, কিন্তু তাঁকে ধরে রেখেছিলেন আশপাশের নারীরা। তবে থামাতে পারেনি তাঁর বুকফাটা আর্তনাদ।

গ্রামের মাঠে জানাজায় মানুষের ঢল নামে। কষ্ট নিয়ে গ্রামের বৃদ্ধ, তরুণ, স্কুলপড়ুয়া শিশু—সবাই এতে অংশ নেয়। জানাজার নামাজ পড়ান কাজী মাওলানা মিজানুর রহমান। পরে গোরস্তানে মরদেহ দাফন করা হয়। দাফন শেষে সবাই ছোট্ট শিশুটির জন্য হাত তুলে দোয়া করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
নিহত রোমান। ছবি: সংগৃহীত
নিহত রোমান। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রোমান পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির জসিম জমাদারের ছেলে। আহত ব্যক্তিরা হলেন চরকুমিরা গ্রামের আ. রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আ. রাজ্জাকের ছেলে সোহাগ (১৭)। তাঁরা চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পরে ভাটিয়ালপুর চৌরাস্তায় মাছ কেনার জন্য পায়ে হেঁটে রওনা দেন রোমানসহ কয়েকজন। ভাটিয়ালপুর চৌরাস্তাসংলগ্ন শীতল পাটোয়ারী বাড়ির সামনে এলে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালক ইমরান (২৬) ও তাঁর সহযোগী মো. ইকরামকে (২৩) আটক করেছে।

পুলিশ জানায়, ইমরান ও ইকরাম দুই ভাই। তাঁরা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের আনসার হাওলাদারের ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত