মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

পরিবেশ দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মৌলভীবাজার শহরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৬০ কেজি পলিথিন।
আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে শহরের কুদরতউল্লা রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
পরিবেশ সংরক্ষণ আইনে আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
একই আইনে মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।









