ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

মৌলভীবাজারের কমলগঞ্জে শত বছরের ঐতিহ্য ধরে রাখতে ধলাই নদীতে পলো বাওয়া উৎসব হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নে মির্তিঙ্গা সেতু এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়। এতে আশপাশের গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমপুর ইউনিয়নের ধলাই নদীতে মির্তিঙ্গা সেতু এলাকা থেকে প্রতি বছর এ সময়ে পলো বাওয়া উৎসবের আয়োজন করা হয়। মাছ ধরাকে কেন্দ্র করে কয়েকটি গ্রামজুড়ে মৎস্য শিকারিদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়। এতে ছোট-বড় নানা প্রজাতির মাছ ধরা পড়ে।

উৎসবে অংশ নিতে আগের দিন স্থানীয় মুন্সীবাজারে ঢোল পিটিয়ে প্রচার করা হয়। আজ সকাল থেকে মাছশিকারিরা নদীর পাড়ে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময় সকাল ১০টার দিকে সবাই একসঙ্গে নদীতে নেমে পলো দিয়ে মাছ ধরা শুরু করেন। যাঁদের পলো ছিল না, তাঁরাও জাল নিয়ে মাছ ধরতে নামেন।
আয়োজকেরা জানান, শত বছর ধরে বছরের এই সময়ে তাঁরা পলো বাওয়া উৎসব করে আসছেন। সব বয়সের মানুষ এতে অংশ নেন। ভাগ্য সহায় হলে কেউ একাধিক মাছ পান, আবার কেউ খালি হাতে ফেরেন। তবে মাছ পাওয়াই তাঁদের মূল উদ্দেশ্য নয়; একসঙ্গে উৎসবে মেতে ওঠাই আনন্দের।
উৎসব দেখতে আসা সাদিকুল ইসলাম বলেন, ‘গতকাল বাজারে উৎসবের ঘোষণা শুনে আজ পলো বাওয়া দেখতে এসেছি। গ্রামবাংলার চমৎকার দৃশ্য। সব বয়সের মানুষ পলো নিয়ে মাছ ধরতে নেমেছেন। যাঁদের পলো নেই, তাঁরাও জাল নিয়ে নেমেছেন।’
উৎসবে অংশ নেওয়া জসিম আহমেদ বলেন, শতাধিক মানুষ এতে অংশ নিয়েছেন। সবাই মাছ ধরার জন্য আসেননি, অনেকে এসেছেন উৎসবে যোগ দিতে। কেউ মাছ পাবেন, কেউ খালি হাতে ফিরবেন—এটা বড় বিষয় নয়। শত বছর ধরে আমাদের এলাকায় এই উৎসব হয়ে আসছে।









