Ajker Patrika

৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দরজির

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২২: ০৪
৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দরজির
প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে কথা-কাটাকাটির জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দরজি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত দোকানদার ইমাম উদ্দিন পলাতক রয়েছেন।

নিহত আলিফ আহমদ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে। সায়পুর এলাকায় তাঁর একটি টেইলার্সের দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফের পাশের দোকানদার ইমাম উদ্দিন তাঁর কাছে ৯০ টাকা পাওনা ছিলেন। এ টাকা নিয়ে আজ বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় আলিফ টাকা দিয়ে ফেরার সময় ইমাম তাঁকে রড দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

আজ রাত ৮টায় শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইসকান্দার হাবিবুর রহমান বলেন, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক দোকানদারের রডের আঘাতে এক দরজির মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত