গাংনী সীমান্তে ৩১ লাখ টাকার মাদকসহ আটক ১

মেহেরপুরের গাংনী সীমান্তে অভিযান চালিয়ে ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্যসহ মো. আশরাফুল ইসলাম বেল্টু (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজীপুর বিওপির একটি টহল দল শওড়াতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক আশরাফুল ইসলাম বেল্টু উপজেলার শওড়াতলা মধ্যপাড়া গ্রামের মো. সেন্টু আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৯ মিনিটে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজীপুর বিওপির একটি টহল দল শওড়াতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শওড়াতলা পাকা রাস্তার ওপর থেকে আশরাফুল ইসলাম বেল্টুকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় ৭৮ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক আশরাফুল ইসলামের বিরুদ্ধে পুলিশের এজাহারভুক্ত চারটি মামলা রয়েছে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) শিমুল কুমার দাস জানান, বিজিবি জব্দ করা মালামালসহ একজন আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তাঁকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।









