Ajker Patrika

প্রতিপক্ষের হামলায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রতিপক্ষের হামলায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
প্রতীকী ছবি

মেহেরপুরের মুজিবনগরে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তহুরা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে হানিফ মহলদারসহ তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তহুরা খাতুন ওই গ্রামের মৃত রমজান মহলদারের স্ত্রী। আহতরা হলেন হানিফ মহলদার (৫০), রহজান মহলদার (৪০) ও শহিদুল মোল্লা (৬০)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের ইসলাম মহলদার ও তাঁর চাচাতো ভাই হানিফ মহলদারের পরিবারের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ সকালে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে পাকা রাস্তায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন বাঁশ, কাঠ ও দেশীয় অস্ত্র নিয়ে হানিফের ওপর হামলা চালায়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলার শিকার হন তাঁর মা তহুরা খাতুন। এ সময় তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে হানিফের মামা শহিদুল মোল্লা ও রহজান মহলদার ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ইসলাম মহলদার ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা জানান, খবর পেয়ে মুজিবনগর থানা-পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাই করেছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত