Ajker Patrika

সিংগাইর বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিংগাইর বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই
মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকার কালাচাঁন মিষ্টির দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি মোবাইল রিচার্জের দোকান, একটি মুদিদোকান ও একটি কনফেকশনারি দোকানে। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন পণ্যসামগ্রী পুড়ে যায়।

খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

স্থানীয় বাসিন্দা মো. সাদেক বলেন, ‘গভীর রাতে দোকানগুলো বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে, ফলে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিবুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত