Ajker Patrika

১০ দিন পর বাড়ি ফিরলেন অপহৃত বিশ্ববিদ্যালয়ছাত্র রিদয়ন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
১০ দিন পর বাড়ি ফিরলেন অপহৃত বিশ্ববিদ্যালয়ছাত্র রিদয়ন
রিদয়ন আনসারী। ছবি: সংগৃহীত

অপহরণের ১০ দিন পর মানিকগঞ্জের বিশ্ববিদ্যালয়ছাত্র রিদয়ন আনসারীকে (২৫) উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা তাঁকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ফেলে রেখে যায় বলে জানা গেছে। সোমবার রাতে সেখানে ফেলে যাওয়ার পর মঙ্গলবার সকালে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।

পরিবার ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুরে বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশ্যে রওনা হন রিদয়ন। আবদুল্লাহপুর থেকে মগবাজার যাওয়ার জন্য তিনি প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি উত্তরা আজমপুর এলাকায় পৌঁছালে মাস্ক পরা এক ব্যক্তি তাঁর পাশে এসে বসেন। এরপরই রিদয়ন সচেতনতা ও স্মৃতি হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৯টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, অপহরণকারীরা তাঁর ভাইকে একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সারা দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো। তাঁর হাত ও চোখ সব সময় বাঁধা থাকত। গতকাল সোমবার রাতে চোখ বাঁধা অবস্থায় তাঁকে মির্জাপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরদিন সকালে একটি ট্রাকে চড়ে নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছে অপর এক ব্যক্তির মোবাইল ফোন থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করেন রিদয়ন। পরে পরিবারের সদস্যরা তাঁকে সেখান থেকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।

শাহরিয়ার আনসারী আরও জানান, দীর্ঘদিন বন্দী থাকায় রিদয়ন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর শরীরে জ্বর ও ব্যথা রয়েছে। কথা বলার ধরনেও কিছুটা অস্পষ্টতা দেখা যাচ্ছে। তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে।

শাহরিয়ার বলেন, অপহরণের পরদিন ২৫ অক্টোবর ভোরে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে রিদয়নকে জীবিত ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীদের দেওয়া বিকাশ ও নগদ নম্বরে কয়েক দফায় ৪০ হাজার টাকা পাঠান তাঁরা। কিন্তু টাকা পাওয়ার পরও রিদয়নকে ছেড়ে না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অপহরণকারীরা। এ ছাড়া চক্রটি রিদয়নের মোবাইল ফোন, ইমেইল, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও হাতিয়ে নেয়।

রিদয়ন আনসারী ঘিওর উপজেলার মৃত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করেন তিনি। বিবিএ পড়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

এর আগে রিদয়নকে উদ্ধারের দাবিতে গতকাল সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত