
লালমনিরহাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সামনেই বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ পাঁচজন আহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সভাপতি ও মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। এ ছাড়া লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল উপস্থিত ছিলেন।
পুলিশ ও নেতা-কর্মীরা জানায়, দীর্ঘদিন ধরে এমপি রোকন উদ্দিন বাবুলের সঙ্গে তাঁর চাচাতো ভাই কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের বিরোধ চলে আসছিল। বিগত নির্বাচনে জাহাঙ্গীর মনোনয়নবঞ্চিত হওয়ার পর থেকেই দুই পক্ষের দ্বন্দ্ব আরও জোরালো হয়। গতকালের সভায় জাহাঙ্গীর আলমের অনুসারী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুল ইসলাম এমপি রোকন উদ্দিন বাবুলের সমালোচনা করেন।
তাৎক্ষণিক রোকন উদ্দিন বাবুলের অনুসারী ও সমর্থকেরা প্রতিবাদ জানান এবং আমিনুলের বিরুদ্ধে গত নির্বাচনে ধানের শীষের বিরোধিতা করার অভিযোগ তোলেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে। এতে পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুজ্জামান সবুজ, একই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আখেরুজ্জামান স্বাধীনসহ পাঁচজন আহত হন। হামিদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ করলে সেটিও সবার মোবাইল যাচাই করে মুছে দেওয়া হয়। পরে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর চেষ্টায় ও জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহত হামিদুর রহমানের ছেলে নাসির ইমতিয়াজ নিলয় বলেন, ‘আমার বাবাকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি মধ্যরাতে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় গিয়ে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়েছেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ‘জেলা বিএনপির মতবিনিময় সভায় উত্তেজনা হয়েছিল। তবে কী কারণে হয়েছে, এ বিষয়ে জানা নেই। খবর পেয়ে গিয়ে পরিবেশ শান্ত অবস্থায় দেখেছি।’
এ বিষয়ে জানতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে মোজাম্মেল হোসেন (২৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়া। গ্রেপ্তারের পর মানুষের ভিড়ের সুযোগ নেন রেনু মিয়া। পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান তিনি।
১৩ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার মধ্যে থাকা ১৫টি চরের প্রায় ২০ হাজার মানুষ গত এক সপ্তাহ ধরে পানিবন্দী। পানি ঢুকে পড়ায় চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ছয়টি সরকারি প্রাথমিক ও দুটি উচ্চ বিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে।
১৮ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নতুন ভবনে আগুন লেগেছে। হাসপাতালের লিফটের কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
২৮ মিনিট আগে