
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার মধ্যে থাকা ১৫টি চরের প্রায় ২০ হাজার মানুষ গত এক সপ্তাহ ধরে পানিবন্দী। পানি ঢুকে পড়ায় চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় ছয়টি সরকারি প্রাথমিক ও দুটি উচ্চ বিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর থেকে এ ছুটি কার্যকর হয়েছে। তবে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হলেও বিদ্যালয়গুলোর দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে। শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
চকরাজাপুর উচ্চ বিদ্যালয় ও পলাশি ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী পানিবন্দী। বিদ্যালয়ে যাতায়াতের ব্যবস্থা না থাকায় জেলা শিক্ষা অফিসের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিদ্যালয় দুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
চৌমাদিয়া, আতারপাড়া, পশ্চিম চর কালিদাসখালী, পলাশি ফতেপুর, লক্ষ্মীনগর ও চর কালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিদ্যালয়ে যেতে না পারায় স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।
পলাশি, চকরাজাপুর ও পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যাকবলিত না হওয়ায় এসব প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান বলেন, পদ্মার চরে নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ছয়টিতে শিক্ষার্থীদের ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি তিনটি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আলী বলেন, চকরাজাপুর ও পলাশি ফতেপুর উচ্চ বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে।
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সোহেল রানা বলেন, ‘এক সপ্তাহ ধরে পানির মধ্যে বসবাস করছি। ঘর থেকে বাইরে বের হতে পারছি না। ঘরের মধ্যে মাচা করে বসবাস করছি। এমন অবস্থায় কীভাবে স্কুলে যাব? তাই স্যারেরা স্কুল ছুটি দিয়েছেন।’
চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছেন। কিন্তু শিক্ষার্থীরা পানির কারণে বিদ্যালয়ে আসতে পারছে না।
আজ সোমবার পদ্মার পানি কিছুটা কমলেও চরবাসীর দুর্ভোগ কমেনি। বিশেষ করে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। বন্যার পানিতে আতারপাড়া, চৌমাদিয়া, দিয়াড়কাদিপুর, উত্তর ও দক্ষিণ কালিদাসখালী, পশ্চিম ও পূর্ব চকরাজাপুর, দাদপুর, পলাশি ফতেপুর, নিচ পলাশি ফতেপুর, জোতাশী, লক্ষ্মীনগর, কালিদাসখালী, আমবাগান ও কলাবাগানসহ বিভিন্ন এলাকার ফসলের মাঠ তলিয়ে গেছে।
চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার বলেন, প্রশাসনের পক্ষ থেকে ১০০টি পানিবন্দী পরিবারের মধ্যে পরিবারপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে ১০০ পরিবারের মধ্যে শুকনো খাবার, চিড়া, মুড়ি, আখের গুড়, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসার ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, ‘বন্যাকবলিত এলাকার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সিদ্ধান্ত নিয়েছেন। চরাঞ্চলের মানুষ চরম দুর্দশার মধ্যে বসবাস করছেন। তাঁদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।’ সমাজের সামর্থ্যবান ও সুহৃদ ব্যক্তিদেরও চরাঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া তিনটি বিতর্কিত ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসুর ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে একটি নতুন ওয়েবসাইট চালু, অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ নামের দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন...
৭ মিনিট আগে
শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রীকে আবাসিক হোটেলে নিয়ে জবাই করে হত্যার চাঞ্চল্যকর মামলায় স্বামী এলজিইডির সাবেক প্রকৌশলী জহিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের প্রায় ১৬ বছর পর সোমবার বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোসতাক আহমেদ এ রায় ঘোষণা করেন।
১৩ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে মুরগি চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। বাবার ভয়ে রাতে কিশোর বাড়িতে না গিয়ে বাড়ির সামনের একটি মসজিদে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে পাশের একটি ফার্মের মালিক টুটুল এসে তাকে ঘুম থেকে ডেকে তোলেন।
১৪ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামিরতলীতে পরকীয়াসংক্রান্ত সন্দেহে স্ত্রী আয়েশা বেগমকে হত্যার অভিযোগে স্বামী ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১২টা ৫ মিনিটে বসতঘরের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে