
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহর আখড়াবাড়িতে পরম ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহের মধ্য দিয়ে শেষ হয়েছে এক দিনের লালন স্মরণোৎসব। আজ মঙ্গলবার দুপুরে ‘পূর্ণসেবা’র মধ্য দিয়ে লালনভক্ত ও অনুসারীদের এই মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
প্রতিবছরের মতো এবারও দোলপূর্ণিমা তিথিতে আয়োজিত এই উৎসবে লালন সাঁইজির চিরাচরিত সব আচার পালন করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় রাখালসেবা ও অধিবাসের মাধ্যমে শুরু হয় অষ্টপ্রহরব্যাপী গুরুকার্য। আজ সকালে ‘বাল্যসেবা’য় ভক্তদের পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি এবং দুপুরে ‘পূর্ণসেবা’র মধ্য দিয়ে শেষ হয় সাধুসঙ্গ। এ দিন ভক্তদের পাতে ছিল ভাত, ডাল, সবজি, মাছ ও দই। সেবা গ্রহণ শেষে অনেক ভক্তকে তাঁদের নিজ নিজ গুরুর কাছ থেকে ‘খেলাফত’ বা শিষ্যত্ব গ্রহণ করতে দেখা যায়।
পবিত্র রমজান মাসের কারণে এবারের আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল। বিগত বছরগুলোয় বড় মাপের গ্রামীণ মেলা ও তিন রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও এবার তা ছিল না। শুধু এক দিনের মূল আনুষ্ঠানিকতায় সাধারণ দর্শনার্থীদের ভিড় ছিল বেশ কম। তবে এতে আক্ষেপ নেই লালনভক্তদের।
সাধারণ দর্শনার্থীদের চাপ না থাকায় নিরিবিলি পরিবেশে সাধনা করতে পেরে খুশি দূরদূরান্ত থেকে আসা সাধু-গুরুরা। ঢাকা থেকে আসা প্রবীণ ভক্ত ফকির ফিরোজ আলম (৬৭) বলেন, ‘গতবার লাখ লাখ মানুষের চাপে সাধনা ব্যাহত হয়েছিল। এবার বাইরের লোক কম থাকায় আমরা শান্তিতে গুরুকার্য শেষ করতে পেরেছি।’

আরেক ভক্ত শহিদুল শাহ জানান, সাঁইজির দেখানো পথে পূর্ণিমা তিথিতে এই সাধুসঙ্গই তাঁদের প্রাণের দাবি। জাঁকজমক কম থাকলেও আধ্যাত্মিক প্রাপ্তি ছিল অনেক বেশি।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এই উৎসব পরিচালনা করে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ব্যাপক নিরাপত্তা তৎপরতার কারণে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়েছে।
আজ দুপুরে খাওয়াদাওয়া শেষে ঝোলা-কম্বল কাঁধে নিয়ে ভক্তরা যখন আপন গন্তব্যে ফিরছিলেন, তখন তাঁদের চোখেমুখে ছিল প্রিয়ধাম ছাড়ার বিষাদ। তবে আবারও আগামী পয়লা কার্তিক লালন সাঁইজির তিরোধান দিবসে মিলনের প্রত্যাশায় ছেঁউড়িয়া ছেড়েছেন তাঁরা।

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ফলে প্রতিদিন এসব সড়ক ব্যবহারকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর ভোগান্তি চললেও সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে...
৬ মিনিট আগে
ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে