
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলে থাকা তিন আরোহীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াদ মালিথা ওই গ্রামের মৃত আদু মালিথার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন ওয়াদ মালিথা। এ সময় খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল একটি ডিসকভার মোটরসাইকেল। মোটরসাইকেলটিতে চারজন আরোহী ছিলেন। দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ওয়াদ মালিথাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক আলামিন (১৭) পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা অপর তিন আরোহী রাব্বি (১৬), হুসাইন (১৭) ও মুরসালিনকে (১৬) আটক করে পুলিশে খবর দেন। তাদের বাড়ি পার্শ্ববর্তী ভেড়ামারা এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি মোটরসাইকেলে চার অপ্রাপ্তবয়স্কের চলাচল ও বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক তিনজন পুলিশ হেফাজতে রয়েছে। মোটরসাইকেলের চালক আলামিনকে আটকের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় অবৈধভাবে পরিচালিত শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে যৌথভাবে এ অভিযানটি চালানো হয়।
২১ মিনিট আগে
এক ফসলের পর আরেক ফসল—কোনোটাতেই যেন স্বস্তি নেই চাষির। সার, কীটনাশক আর শ্রমিকের বাড়তি খরচে এমনিতেই দিশেহারা কৃষক। এরই মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন মাঠের রোপা আমনে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ। নানা ধরনের কীটনাশক ব্যবহার করেও পুরোপুরি দমন করা যাচ্ছে না পোকার আক্রমণ ও রোগ।
২৫ মিনিট আগে
চার দশকেরও বেশি সময় ধরে অপরাধবিষয়ক সাংবাদিকতায় ক্র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে ক্র্যাবের সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রযুক্তিনির্ভর অপরাধ ও অনলাইন...
২৭ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় এজাহারনামীয় ১২ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে মো. আজাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
৩৫ মিনিট আগে