Ajker Patrika

সৌদি আরবে রুমমেটের হামলায় প্রবাসীর মৃত্যু

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪০
সৌদি আরবে রুমমেটের হামলায় প্রবাসীর মৃত্যু
মোহাম্মদ মতিউর রহমান। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সৌদি আরব সময় রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে সৌদি আরব যান মতিউর রহমান। সেখানে রিয়াদের হারা এলাকায় একটি বাসায় তিনিসহ ৪ জন একসঙ্গে থাকতেন। গত ২-৩ দিন আগে রুমে ঘুমানো ও রান্না নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সোমবার রাতে সবাই কাজ থেকে রুমে ফিরলে আবারও কথা-কাটাকাটি হয়। তখন তাঁর এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে আঘাত করলে সেখানে রক্তাক্ত হয়ে তিনি মারা যান। তখন রুমে থাকা অপর ৩ যুবক পালিয়ে যান।

নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, মতিউর রহমান খুবই শান্ত ছেলে। ২-৩ দিন আগে তাঁর সঙ্গে হওয়া ঝামেলার কথা সে পরিবারকে জানিয়েছে। আর গতকাল থেকে তাঁকে ফোন দিলেও পাওয়া যায়নি। তাঁর রুমে থাকা তাঁর গ্রামের একজনের সঙ্গে যোগাযোগ করা হলে সে এই হত্যাকাণ্ডের কথা জানায়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, এ বিষয়ে আমরা সংবাদ পেয়েছি। আমরা খোঁজ নিচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত